বাড়ির কাছে আরশি নগর

কুমার সৌরভ
(পূর্ব প্রকাশের পর)
‘রবীন্দ্রনাথের প্রতি’ কবিতায় তার দৃপ্ত বিশ্বাস-
‘তাই আজ আমারো বিশ্বাস,
‘শান্তির ললিতাবানী শোনাইবে ব্যর্থ পরিহাস।’
তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে,
দানবের সাথে আজ সংগ্রামের তরে ।’
সমকালীন সমাজে বিদ্রোহের অমিত সম্ভাবনা তিনি প্রত্যক্ষ করেছেন। উৎসাহিত হয়েছেন, উদ্বেলিত হয়েছেন। তার এই বিশ্বাস, উদ্বেলতা বয়ান করেছেন অকপটভাবে। ‘চারাগাছ’ কবিতায়-
‘তাইতো অবাক আমি দেখি যত অশ্বত্থ চারা
গোপনে বিদ্রোহ জমে, জমে দেহে শক্তির বারুদ,
প্রাসাদ বিদীর্র্ণ করা বন্যা আসে শিকড়ে।’
 অথবা ‘প্রস্তুত’ কবিতায়-
‘অস্ত্র ধরেছি এখন সমুখে শত্রু চাই,
মহামারণের নিষ্ঠুর ব্রত নিয়েছি তাই, ”
সাধারণ মানুষ সমাজে কত অবেহেলিত, বঞ্চিত তার প্রতীকী বর্ণনা ‘একটি মোরগের কাহিনী’ ও ‘সিঁড়ি’ কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে। এই পদদলিত মানুষেরাই যে জেগে উঠলে কী ভয়ঙ্কর হতে পারে ‘সিগারেট’ কবিতায় তিনি তা প্রতীকীভাবে  উপস্থাপন করেছেন-
‘আমরা বেরিয়ে পড়ব
সবাই একজোটে, একত্রে
তারপর তোমাদের অসতর্ক মুহূর্তে
জ্বলন্ত আমরা ছিটকে পড়ব তোমাদের হাত থেকে
বিছানায় অথবা কাপড়ে
 নিঃশব্দে হঠাৎ জ্বলে উঠে
বাড়ীশুদ্ধ পুড়িয়ে মারব তোমাদের,
যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল।’
অনুরুপ পূর্বাভাস ‘দেশলাই কাঠি’ কবিতায়ও সমুপস্থিত।
শ্রেণী শত্রু সম্পর্কে বিপ্লবের শত্রুদের তিনি চিহ্নিত করেছেন সরাসরি এবং সরাসরি শ্রেণীশত্রুদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন তার কবিতায়। ‘বোধন’ কবিতায় তিনি দুর্ভিক্ষ সৃষ্টির জন্য দায়ী মালিক, মজুতদার শ্রেণীর বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন। পাঠকদের তথা জনসাধারণকে আহ্বান জানিয়েছেন রক্তঝরানো প্রতিশোধের। ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী শক্তির আন্তঃবিরোধের পরিণতিতে সৃষ্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিণতি তখন সারা ভারতবর্ষ জুড়ে। এর প্রভাবে কলকাতাসহ সারা বাংলায় নেমে আসে ১৩৫০ এর মহাদুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষকে পূঁজি করে গুটিকয় মুনাফালোভী কালোবাজারী, মজুতদার, ব্যবসায়ী শ্রেণীর অপতৎপরতায় হাজার হাজার ভুখা মানুষের নির্মম মৃত্যু সুকান্তকে দারুণভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। এ দুর্ভিক্ষের বাস্তব চিত্র পাওয়া যায় তার ‘বিবৃতি’ কবিতায়-
‘আমার সোনার দেশে অবশেষে মন্বন্তর নামে
জমে ভীড় ভ্রষ্টনীড় নগরে ও গ্রামে,
দুভিক্ষের জীবন্ত মিছিল,
প্রত্যেক নিরন্ন প্রাণে বয়ে আনে অনিবার্য মিল।
আহার্যের অণ্বেষণে প্রতি মনে আদিম আগ্রহ
রাস্তায় রাস্তায় আনে প্রতিদিন নগ্ন সমারোহ,
বুভুক্ষা বেঁধেছে বাসা পথের দু’পাশে,
প্রত্যহ বিষাক্ত বায়ু ইতস্তত ব্যর্থ দীর্ঘশ্বাস।’
দুভিক্ষের এ প্রচন্ডতায় কবি শাসকের করুণা ভিক্ষা করেননি। তিনি জানেন অনুকম্পা আর করুণা ভিক্ষা করে এ নিদারুণ বৈষম্যের এ করুণ অবস্থার পরিবর্তন হবে না। তাই তিনি ভুখানাঙ্গা মানুষকে সংগ্রাম-বিদ্রোহের পথে আহ্বান জানিয়েছেন এ ভাবে-
‘তবুও প্রতিজ্ঞা ফেরে বাতাসে নিভৃত,
এখানে চল্লিশ কোটি এখনো জীবিত,
ভারতবর্ষের পরে গলিত সূর্য ঝরে আজ
দিগি¦দিক উঠেছে আওয়াজ,
রক্তে আলো লাল,
রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল।’
এ ভাবে সুকান্তের সমগ্র কাব্যসৃষ্টিকেই শ্রেণীসংগ্রামের উজ্জ্বল উঠোনে গণমানুষের মুক্তিচর্চার বি¯তৃত দিগন্তে ছড়িয়ে দেয়া যায়।  এর সবগুলিই দিনের স্পষ্টতার মত আলো ছড়াবে। ক্লীবতার, জড়তার, ভীরুতার, কপটতার, শঠতার মুখে ছুঁড়ে মারবে তীব্র কষাঘাত। সুকান্ত একজন বামপন্থি রাজনৈতিক কর্মী হিসাবে নিরবচ্ছিন্ন  প্রক্রিয়ায় তার কাব্যধারায় শ্রেণী চেতনার জয়গানে মুখরিত হয়েছেন, মানুষকে অনুপ্রাণিত করেছেন। প্রখ্যাত গবেষক বদরুদ্দিন উমর যথার্থই বলেছেন-
‘সুকান্তের মধ্যে শ্রেণীচেতনা ও শ্রেণীসংগ্রামের ক্ষেত্রে কোন অস্পষ্টতা অথবা গড়িমসি নেই। জনতার সংগ্রামকে তার অনিবার্য পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুকান্ত যেমন নিজের রাজনৈতিক জীবনে, তেমনি কাব্যচর্চার ক্ষেত্রে ছিলেন অনমনীয়। সেখানে কোন আপোষের চিন্তা তার চেতনায় ছিল না।’
 আমাদের দুর্ভাগ্য এই শ্রেণীসচেতন কবি মাত্র ২১ বছর বয়সে মারা যান। নজরুলের অকাল নির্বাকতার কারণে বাংলাসাহিত্য যেরূপ বঞ্চিত হয়েছে সুকান্তের অকাল মৃত্যুও আমাদের বিদ্রোহী সাহিত্যধারা  বঞ্চিত হয়েছে আরও অনেক কিছু পাওয়া থেকে।  সুকান্তের অকাল মৃত্যুতে কমরেড মুজাফফর আহমদ আক্ষেপ করে বলেছিলেন- ‘বিশ বছরেরও অনেক আগে কবি নজরুল ইসলাম বোবা হয়ে গিয়েছিলেন। কবি সুকান্ত ছিলেন আমাদের আশা ভরসার স্থল। তাকেও আমরা হারালাম।’ যদিও এ আক্ষেপ যুক্তিনিষ্ঠ নয়। সুকান্ত বেঁচে থাকলে কী করতেন তার ভবিষ্যত বাণী  করা এক অপ্রয়োজনীয় বিষয়। বরং তিনি কী দিয়েছেন তার চর্চা করাই আমাদের জন্য মঙ্গলজনক । তবু অবরুদ্ধ আবেগ প্রত্যাশার দিগন্ত ছুঁতে চায়। বর্ণহীন, গন্ধহীন পরিবেশে ছড়িয়ে দিতে চায় বর্ণালী আভা আর টাটকা সৌরভ। এ প্রত্যাশাকে অবলম্বন করেই সময়ের বৈরিতা জয় করে মুক্তির আলো-বাতাসে অবগাহনের জন্য আরও বেশি করে সুকান্ত চর্চা করা উচিত। শুধু সুকান্ত নয়, শুধু কবিতা নয়, মানুষের মুক্তির জন্য যত পথ যত উপায় সবগুলোই চর্চিত হওয়া, কর্ষিত হওয়া প্রয়োজন। শক্ত মাটির বুক চিড়ে সবুজ শস্যচারা বের করে আনতে হলে তো শরীরের ঘাম ঝরাতেই হবে। বেঁকে যাওয়া মেরুদন্ড সোজা  এবং নতমস্তক সমুন্নত করতে হবে। তবেই তো মুক্তির দিগন্ত খোলে যাবে, সবুজ শস্যচারা গজাবে সংস্কৃতির মাঠে মাঠে। স্বপ্নদরোজা খোলবে জাতীয় মুক্তির।
মুক্তির এই বদ্ধ দরোজা দিয়ে আমরা হয়ত ঢুকতে পারব না। যেমন পারেননি কবি সুকান্ত। কিন্তু দরোজা খোলার এই প্রয়াসে, সমাজ পাল্টানোর সংগ্রামে সুকান্তের মতো আমাদেরও  ঝাঁপিয়ে পড়তে হবে। স্বপ্ন দেখতে হবে তার মতো। আমাদের জন্য নয় বরং আগামী শিশুর বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জন্য প্রাণপণে সকল জঞ্জাল সরাতে হবে। তবেই তো উত্তর প্রজন্ম শ্রদ্ধায়-গৌরবে স্মরণ রাখবে আমাদের।
পূজিবাদী সাম্রাজ্যবাদী কৌশলে পৃথিবীর তাবৎ খেটে খাওয়া মানুষ আজ শোষণের কঠোর বেড়াজালে আবদ্ধ। ক্রমে ক্রমে এই বেড়াজাল বি¯তৃত হচ্ছে। এই জাল ছিন্ন করতে হবে। জাল যেমন শক্ত, তা ছেঁড়াও তেমনি শক্ত। তাই কোমলতায় নয়, অলীক স্বপ্নচারিতায় নয় একে ছিঁড়তে হবে কঠিন শক্তির অপ্রতিরোধ্য ব্যাপকতায়।  সুকান্তের সেই অজেয় আহ্বানের মতো-
‘ হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্য আনো,
পদলালিত্য ঝংকার মুছে যাক
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো।
প্রয়োজন নেই কবিতার ¯িœগ্ধতা
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।’ (হে মহাজীবন)
মুক্তির সোনালী দিগন্তের সুসমাচার দিকে দিকে পৌঁছে দেয়ার জন্য অক্লান্ত অশ্রান্ত রানার ছুটে চলেছে। আরো বেগে প্রতিজ্ঞা প্রস্তুতির খবর গ্রাম থেকে গ্রামান্তরে নিয়ে ছুটেছে বিপ্লবী রানার। আমরা তাকে স্বাগত জানাই । নিরন্তর সাথী হব অযুত হৃদয়ে।
‘বিপন্ন পৃথ্বীর আজ শুনি শেষ মুর্হুমুহু ডাক
আমাদের দৃপ্ত মুঠি আজ তার উত্তর পাঠাক।
ফিরুক দোয়ার থেকে সন্ধানী মৃত্যুর পরোয়ানা,
ব্যর্থ হোক কুচক্রান্ত, অবিরাম বিপক্ষের হানা।’
(বিবৃতি)