বায়ান্ন বছর পর স্বীকৃতি পেলেন মুক্তিযোদ্বা সাব্বির

স্টাফ রিপোর্টার
স্বাধীনতার ৫২ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেয়া মরহুম সাব্বির আহমদ। গত ১লা জুন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাব্বির আহমদ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘনিষ্ঠদের অন্যতম মরহুম অ্যাডভোকেট আকমল আলী সাহেবের প্রথম সন্তান। সাব্বির আহমদ স্কুল জীবনে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগে যোগ দেন। সুনামগঞ্জ শহরের এক সময়ের সুপরিচিত মুখ সাব্বির আহমদকে সুনামগঞ্জে ‘স্বাধীনতার ঘোষক’ বলা যায়। প্রথম প্রতিরোধে তিনিই প্রথম মাইক হাতে সুনামগঞ্জের শহরবাসীকে হানাদার প্রতিহত করার আহ্বান জানান।
জীবিত অবস্থায় মুক্তিযোদ্ধার স্বীকৃতির তোয়াক্কা করেননি তিনি। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা দীর্ঘ বছর চেষ্টা তদবির করেও সে স্বীকৃতি আদায় করতে পারেন নি। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যাচাই বাছাই কমিটির বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে স্বাধীনতার দীর্ঘ ৫২ বছর পর সরকার তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিলো।
এদিকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সরকার মুক্তিযোদ্ধা সাব্বির ও তার পরিবারকে সম্মানিত করায় তার স্বজন ও বন্ধুবান্ধব সকলে আনন্দিত। সব্বির আহমদের মেয়ে শারমিন লাবনী বলেন, এই স্বীকৃতি শুধু আমার বাবাকে নয় সকল মুক্তিযোদ্ধাকে সম্মানিত করা হয়েছে। ৫২ বছর পর হলেও আমরা তাতে খুশী ও আবেগাপ্লুত। দীর্ঘ বছর পর হলেও একজন দেশপ্রেমিক তার অবদানের স্বীকৃতি পেয়েছেন, এর চেয়ে বড় পাওয়া আমাদের কাছে আর কিছু হতে পারে না। পরিবারের সদস্যদের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও যারা বিভিন্ন ভাবে সহ্যোগিতা করেছেন ও করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।