সু.খবর ডেস্ক
বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে নেয়ার চেষ্টা করতে ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এও বলেছেন, বিএনপিকে নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ হবে না।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী সহ সকল গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব একথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্প্রতি বলেছেন, বিএনপি না এলেও নির্বাচন আটকে থাকবে না। তার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে মির্জা ফখরুলকে চিরকুট পাঠানো হয়।
চিরকুট পেয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপিকে ছাড়া দেশে কোন নির্বাচন হবে না। আর সরকার ক্ষমতায় থেকে নির্বাচন দিয়ে সব কলকাঠি নাড়বে তা হবে না।’
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। তাদের সে দাবি এবার পূরণ হবে না-এটা জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই দিতে হবে। তিনি বলেন, ‘বিএনপি একটি লিবারেল গণতান্ত্রিক দল। আমরা নির্বাচন চাই। কিন্তু তা হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। অন্যথায় কোনো নির্বাচন হবে না।’
দশম সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) ২০১৪ সালেও নির্বাচন করেছিলেন। তাতে কোনো বিরোধী দল অংশ নেয়নি। সে নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়নি।’
গুমকে সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ইলিয়াস আলীসহ এই সরকার পাঁচশর মতো নেতাকর্মীকে গুম করেছে। সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে তাই গুম, খুন ও মামলা দিয়ে বিএনপিকে স্তব্ধ করতে চায়।’
২০১২ সালের ১৭ এপ্রিল ওইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পেছনে সরকারের হাত আছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপির এই নেতাকে অবিলম্বে ফেরত দেয়া না হলে সরকারকেই জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ফখরুল। বলেন, ‘কাল ঢাকা মহানগর কমিটি হয়েছে, আরও অনেক জায়গায় কমিটি হচ্ছে। আপনারা মহল্লায় মহল্লায় কমিটি করুন, দুর্গ গড়ে তুলুন যেন সরকারবিরোধী আন্দোলন সফল করুন।
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ দলের বিভিন্ন স্তরের নেতারা এ সময় বক্তব্য রাখেন।
- বৃটেনে মধ্যবর্তী নির্বাচনের অনুমোদন দিল ব্রিটিশ পার্লামেন্ট
- নব জীবন সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


