বিএনপির দাবি পূরণে উদ্যোগ মানবেন না নাজমূল হুদা

সু.খবর ডেস্ক
নির্দলীয় সরকার এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে বিএনপির দাবি পূরণে সরকার উদ্যোগ নিলে তা মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন সাবেক মন্ত্রী নাজমুল হুদা। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।
বিএনপি থেকে বের হয়ে নতুন জোট গঠনকারী এই নেতা বলেছেন, ‘কোনো অনির্বাচিত সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার প্রশ্নই উঠে না। কারণ, তা হবে সংবিধানপরিপন্থি।’
গত বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অবিলম্বে নতুন নির্বাচন দেয়ার দাবি জানান মির্জা ফখরুল। এই দাবির প্রতিক্রিয়ায় এই বিবৃতি দেন নাজমুল হুদা।
বিএনপির প্রতিষ্ঠাকালীন দলের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন নাজমুল হুদা। পরে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন নাজমুল হুদা। ১৯৯১ সালে বিএনপি সরকারের তথ্যমন্ত্রী এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন নাজমুল হুদা।
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০১০ সালের ২৩ জুন নাজমুল হুদাকে বহিষ্কার করে বিএনপি। তখন তিনি দলটির সহ-সভাপতি ছিলেন। এরপর তিনি নিজের ভুল স্বীকার করে লিখিত আবেদন করার পর ২০১১ সালের ৭ সেপ্টেম্বর বিএনপির সদস্যপদ ফিরে পান নাজমুল হুদা। পরে ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে বিএনপি ছাড়েন তিনি।
২০১০ সালে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ নামে নতুন দল খুলেন নাজমুল হুদা। পরে সেই দল থেকেও বহিষ্কৃত হন তিনি। এরপর ২০১৫ সালের ২০ নভেম্বর তৃণমূল বিএনপি নামে আবার দল গঠন করেন ঢাকার দোহার আসন থেকে একাধিকবার ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন নাজমুল হুদা।
ওই বছরেরই ১৫ জানুয়ারি নাজমুল হুদা গঠন করেন ২৫ দলের জোট বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স-বিএনএ, যাকে এখন বাংলাদেশ জাতীয় জোট নামে ডাকা হয়। বর্তমানে এই জোটে দলের সংখ্যা ৩১টি। নাজমুল হুদার দাবি, তার এই মোর্চা দেশের বৃহত্তম জোট। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও বাম দলগুলোর একাংশকে নিয়ে গঠিত ১৪ দলের নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন নাজমুল হুদা। এক সময় আওয়ামী লীগের কট্টর সমালোচক এই নেতা এরই মধ্যে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের পক্ষে তার সমর্থনের কথা জানিয়েছেন।
নাজমুল হুদার বিবৃতিতে বলা হয়, ‘সংবিধানের অনুশাসন অনুযায়ী ক্ষমতাসীন নির্বাচিত সরকারকেই জাতীয়ভাবে নিরপেক্ষ নির্বাচন করতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সরকারের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সরকারকেই এই নিরপেক্ষ সরকারের ভূমিকা পালন করতে হবে। পবিত্র সংবিধান কর্তৃক অর্পিত এই মহান দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হলে জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে।’
বিবৃতিতে বলা হয়, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দাবি পূরণে সরকারের কোনো হটকারি সিদ্ধান্ত দেশের বৃহত্তম ৩১ দলীয় রাজনৈতিক জোট বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ কোনোমতেই মেনে নেবে না।’