বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার
ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে ও ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলিবর্ষণ ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলকারীরা শহরের মূলসড়ক আলফাত স্কয়ারের দিকে যেতে চাইলে কালীবাড়ি পয়েন্ট পুলিশ বাধা দেয়। পরে বিএনপি নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, রেজাউল হক, আবুল মনসুর শওকত প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলিবর্ষণ ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহীম কে হত্যা করায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, অন্যায় ও জুলুমকারী সরকার বিক্ষুব্ধ কোটি মানুষের প্রতিরোধের মুখে ভেসে যাবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আ ত ম মিছবাহ, যুগ্ম-সম্পাদক অ্যাড. জিয়াউর রহিম শাহীন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান জামান, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মতিন, ছাত্রদলের আহব্বায়ক জাহাঙ্গীর আলম সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।