সু.খবর ডেস্ক
পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-সম্পাদক বরকত উল্লাহ বুলুসহ ২১ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাদের মধ্যে হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল, মীর শরাফত আলী সপুও রয়েছেন। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এ গ্রেফতারি পরোয়না জারি করেন।
গত ১০ মার্চ আদালতে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মমিনুল ইসলাম বিএনপির ৩৩ নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন।
এতে বুলু,
সোহেল, খোকন ও শিমুলসহ ২০ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়।
সোমবার আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ২১ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সামসুজ্জামান দুদু ও আব্দুল আওয়াল মিন্টুসহ ১২ নেতা জামিনে রয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালে ৬ জানুয়ারি পল্টন থানাধীন বঙ্গবন্ধু স্টেডিয়াম ও রাজউক ভবনের মধ্যবর্তী স্থানে বিএনপির অবরোধ চলাকালে বিআরটিসি বাসে যাত্রী হত্যার উদ্দেশে আসামিরা আগুন দেয়।
এছাড়া আসামিরা আরও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বাদী হয়ে বিআরটিসি বাসের চালক মিল্টন আলী বিশ্বাস এই মামলা করেন।

