স্টাফ রিপোর্টার
আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘৩০ মার্চের নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে হবে, বিএনপি নির্বাচনে না আসলেও ইন্ধন যোগাচ্ছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, জামায়াত-বিএনপি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী, ভোটের রাজনীতিতে তারা বিশ্বাস করে না, এ কারণে তারা নির্বাচনে না এসে কালো টাকার বিনিময়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাই সকলকে সজাগ
থাকতে হবে।’
শুক্রবার শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেন গুপ্তার সমর্থনে পথসভায় বক্তৃতা করার সময় তিনি এসব কথা বলেন।
সমাবেশে মহিবুর রহমান মানিক এমপি বলেন, ‘স্বাধীনতা বিরোধীচক্র জামায়াত-বিএনপি’র দোসররা ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে এ দেশে হত্যার রাজনীতি কায়েম করতে চাইছিল, জামায়াত বিএনপির দোসররাই দিরাই ও শাল্লায় আওয়ামী লীগের জনসভায় সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যার উদ্যেশ্যে গ্রেনেড হামলা করেছিল, আসন্ন উপ নির্বাচনে ঘোলা পানিতে মাছ শিকার করতে স্বাধীনতাবিরোধী চক্র তৎপর রয়েছে। উন্নয়নের বিরোধীতাকারী সকল ষড়যন্ত্রকে ভোট বিপ্লবের মাধ্যমে রুখতে হবে।’
ড. জয়া সেন গুপ্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেন গুপ্তা বলেন, ‘আমার স্বামী যেমন দিরাই-শাল্লার মানুষের সুখে-দুঃখে দাঁড়িয়েছেন ঠিক তেমনি দাঁড়াবো আমিও। আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।’ তিনি অন্য প্রার্থী’র বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলে বলেন,‘এই সরকারের অধীনে কোন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। নির্বাচন কমিশন অবশ্যই এই দিকে দৃষ্টি দেবেন।’


