সু.খবর ডেস্ক
ক্ষমতার রাজনীতির দাবা খেলায় বিএনপি হেরে গিয়ে এখন নালিশের ভাঙ্গা রেকর্ড অবিরাম বাজাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘কোনো নির্বাচন এলেই বিএনপি শুধু অভিযোগ আর নালিশের ওপর নির্ভর হয়ে পড়ে। রাজনৈতিক দলের ভূমিকা বিএনপি নিজেই গৌন ও অকার্যকর করে ফেলছে।’
শুক্রবার নোয়াখালীর মাইজদীর অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও প্রাক্তন ছাত্র পুনর্মিলন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আমাদের প্রথম অভিজ্ঞতা। প্রথম অবস্থায় কিছু ভুলত্রুটি ও টানাপোড়েন থাকবে। এত বড় নির্বাচন মোকাবেলার জন্য প্রশাসনিক, নির্বাচন কমিশন এবং দলীয়ভাবে কিছু সীমাবদ্ধতা থাকবে, থাকাটাই স্বাভাবিক। ভবিষ্যতে আমরা সীমাবদ্ধতা কাটিয়ে প্রথমবারের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাবো।’
দলীয় প্রতীকে প্রথম দফায় পৌরসভার নির্বাচানে তেমন কোনো অভিযোগ আসেনি এবং সমালোচনামূখর পরিস্থিতির সৃষ্টি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ বিশাল ক্যানভাস। এখানে ৪ হাজার ৫৫৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন,এর মধ্যে ২৩ এপ্রিলও ৬১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামীতে ইউপি নির্বাচন আরো গ্রহণযোগ্য হয়,তা লক্ষ্য রাখা হবে।’
আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার একঝাঁক তরুণ নেতা আসবে এবং প্রবীণরাও থাকবেন। প্রবীণ-নবীণদের সমন্বয়ে আ.লীগের সম্মেলনে ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয় করে সময়ের চাহিদা মেটানো হবে। ইতিবাচক পরিবর্তনের জন্য প্রস্তুুতি নিচ্ছি এবং যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।’
পরে মন্ত্রী অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়ের দুইদিন ব্যাপী শতবর্ষ উদযাপন ও প্রাক্তন ছাত্র পুনর্মিলন অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠের উন্নয়নে আগামী দিনে কর্তৃপক্ষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং এ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র তার বাবা মরহুম মোশারফ হোসেনের স্মৃতিচারণ করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু নাছের চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার উপস্থাপক খালেদা আক্তার লাবনীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, প্রাক্তন ছাত্র ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বেলায়েত হোসেন, বাংলাদেশ বেতার উপ-মহাপরিচালক (বার্তা) নারায়ণ চন্দ্র শীল, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. মাহে আলম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সিরাজুল ইসলাম, এন আর বি সি ব্যাংকের পরিচালক লকিয়ত উল্যাহ্, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হক, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল চন্দ্র দেব নাথ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
- আলোচনায় মাহবুব নির্বাচনের নামে রক্তের হোলি খেলা হচ্ছে
- তৃতীয় ধাপে নির্বাচন আজ ৮১ ইউপিতে প্রার্থী নেই বিএনপির


