বিকল্প সড়কে ট্রাক দেবে যাওয়ার ঘটনা ২০ ঘণ্টার ভোগান্তি

স্টাফ রিপোর্টার
একটি ট্রাক সরাতে প্রায় ২০ ঘণ্টা লেগেছে সংশ্লিষ্টদের। এ কারণে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। রাত্রীকালিন বাসে যারা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন তাদেরকে সুনামগঞ্জ-সিলেট সড়কের তকিরাইয়ে আটকা থাকতে হয়েছে ৪-৫ ঘণ্টা। সকালে মালামাল বহনকারী বিশেষ করে কাঁচামাল বহনকারী ট্রাকগুলো বেলা ১১ টা পর্যন্ত তকিরাইয়েই আটকা ছিল।
জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন বলেন, ‘তকিরাইয়ের নতুন সেতু’র কাজ চলাকালে পাশের বিকল্প সড়কে রাত ১২ টায় একটি ট্রাক দেবে যায়, এই ট্রাক না সরানোয় দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। রাত্রীকালিন বাসে যারা ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছিলেন, তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা এখানে বসে থাকতে হয়েছে। বৃষ্টি থাকায় কেউ নেমে গাড়ি বদল করেও আসতে পারেননি।’
তিনি জানান, আধাঘণ্টায় ট্রাক সরিয়ে রাস্তা যানজট মুক্ত করা যেত কিন্তু কেউ এটি করেনি।
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু বলেন, ‘হবিগঞ্জে যেতে সকাল ১১ টায় তকিপুরে গিয়ে ২ টা পর্যন্ত ওখানেই থাকতে হয়েছে আমাদের’।
বিকাল ৫ টায় জাউয়াবাজারের সাংবাদিক তপন জ্যোতি তকিরাই থেকে ফোন করে জানান, ‘বিকাল ৩ টা থেকে তকিরাইয়ে গাড়ি নিয়ে বসা তারা, কখন পথ খুলবে, কেউ বলতে পারছে না’।
সড়ক ও জনপথ’র নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন বলেন, ‘তকিরাই সেতুর কাজ শেষ, হালকা যানবাহন শুক্রবার সন্ধায় চলতে দেওয়া হয়েছে, বিকল্প সড়ক থেকে দেবে যাওয়া ট্রাকও সরানো হয়েছে’।