ধর্মপাশা প্রতিনিধি
বিক্রেতা হিসেবে কয়েকটি মোবাইল ফোন সেট নিয়ে একটি দোকানে বিক্রি করতে গিয়েছিল তিন যুবক। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং পার্শ্ববর্তী বাজার থেকে সম্প্রতি চুরি যাওয়া মোবাইল ফোন সেটগুলোর সিরিয়াল নম্বরের সাথে মিল পাওয়ায় সন্দেহ হয় ক্রেতার। বিক্রেতা তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে কোনো সদুত্তর দিতে না পারায় সন্দেহ আরও প্রবল হয়। বিষয়টি বুঝতে পেরে দুইজন বিক্রেতা মোবাইল ফোনগুলো রেখে সেখান থেকে সটকে যায়। বিষয়টি খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে সেখানে থাকা আরেকজন বিক্রেতাকে আটক করে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারে এভাবেই ধরা পড়ে আয়নাল হক মিঠু নামের এক মোবাইল ফোন চোর। মিঠু মধ্যনগর ইউনিয়নের বড়শেখ পাড়ার মো. জুলহাস মিয়ার ছেলে। পরে পুলিশ মিঠুকে ধর্মপাশা থানায় হস্তান্তর করে।
ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারের আবু হুরায়রা টেলিকম থেকে বিভিন্ন কোম্পানীর ৫২টি মোবাইল ফোন সেট চুরি হয়। এ নিয়ে দোকানের মালিক ছাদেকুর রহমান মঙ্গলবার ধর্মপাশা থানায় একটি মামলা করেন। ওইদিন বিকেলে মিঠুসহ আরও দুইজন মধ্যনগর বাজারে ৪০টি মোবাইল ফোন সেট বিক্রি করতে গেলে পুলিশ মিঠুকে আটক করে।
মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব বলেন, ‘মোবাইল ফোন বিক্রি করতে তিনজন এসেছিল। কিন্তু দুইজন পালিয়ে যাওয়ায় একজনকে আটক করা হয়।’
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, ‘৫২টি মোবাইলের মধ্যে ৪০টি উদ্ধার করা হয়েছে। আসামীকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


