সময়মতো অর্থ ছাড় না করা এবং প্রয়োজনীয় তদারকির অভাবে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতির ক্ষেত্র তৈরি হওয়ার অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ১৩ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় । এই চিঠির প্রেক্ষিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পরিবর্তে তাঁদের দায়মুক্তি চেয়ে পানিসম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন। চিঠিতে মন্ত্রী ওই ১৩ কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে দুদকের অভিযোগ খ-ন করে তাঁদের দায়মুক্তি চেয়েছেন। মন্ত্রণালয়ের প্রধান হিসেবে তাঁর অধীনস্থ কর্মকর্তাগণের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আমলে না নিয়ে তাঁদের পক্ষাবলম্বনের বিষয়টি আমাদেরকে হতবাক করেছে। এটি ফসলহারানো হাওরাঞ্চলের কৃষক সমাজের জন্য দুর্ভাগ্যজনক। উল্লেখ্য, গতবছর (২০১৫-১৬) হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে পাউবো কর্মকর্তা, ঠিকাদারসহ ৬১ ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে দুদক মামলা দায়ের করেছে। এদিকে ২০১৬-১৭ সনে একই ধরনের ব্যাপক অনিয়ম-দুর্নীতির কারণে সুনামগঞ্জের জেলা আইনজীবী সমিতি ১৪৬ জনের বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা দায়ের করেছেন। দুদকসহ পানিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি হাওর দুর্নীতির ঘটনা তদন্ত করেছেন। মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনটি সুনির্দিষ্ট না হলেও বাঁধ নির্মাণ কাজে নানা ধরনের অনিয়মের বিষয় ফুটে উঠেছে। দুদকও প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের ও ১৩ উর্দ্ধতন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এরকম অবস্থায় মন্ত্রীর এই চিঠি দুর্নীতিবাজদের কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে।
হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠার পর আমরা লক্ষ করেছি পানিসম্পদমন্ত্রী বিভিন্নভাবে দুর্নীতির কারণে হাওর ডুবার পরিবর্তে অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগকেই একমাত্র কারণ হিসাবে সামনে নিয়ে এসেছেন। দায়মুক্তি চেয়ে তিনি যে চিঠিটি লিখেছেন সেখানেও তিনি নিজের অনুরূপ অবস্থান ধরে রেখেছেন। গণমাধ্যমসূত্রে দেখা যায়, তিনি চিঠিতে হাওর তলিয়ে যাওয়ার জন্য ‘অতিবর্ষণজনিত বিরূপ প্রকৃতি’কে দায়ী করেছেন। কিন্তু হাওর অঞ্চলের প্রতিটি কৃষক ও মানুষ জানেন, এবার ও তার আগের বছর বাঁধ নির্মাণ ও সংস্কারের নামে কী ধরনের দুর্নীতি সংঘটিত হয়েছে। মন্ত্রী যে বিরূপ প্রকৃতির কথা বলছেন তার আগেই হাওর ডুবেছে ধর্মপাশা ও জগন্নাথপুরে। গণমাধ্যমের অসংখ্য সংবাদে বাঁধ না হওয়া অংশ দিয়ে পানি ঢুকে হাওর ডুবার তথ্য উঠে এসেছে। এলাকার মানুষের নিজের চোখে দেখা একটি জিনিসকে মন্ত্রী উপেক্ষা করেন কীভাবে? তাহলে কি তিনি সাধারণ কৃষক সমাজের স্বার্থ রক্ষার পরিবর্তে দুর্নীতিবাজদের আড়াল করার চেষ্টায় নিয়োজিত রয়েছেন? সাধারণ মানুষের মধ্যে আজ এইসব প্রশ্ন উঠা শুরু করেছে।
দায়মুক্তির সংস্কৃতি আমাদের দেশে এক ঐতিহাসিক বিপর্যয়ের নাম। ১৯৭৫ সনে বঙ্গবন্ধু হত্যাকারীদের সাংবিধানিকভাবে দায়মুক্তি দেয়া হয়েছিলো। এর জের এই জাতি ভোগ করেছে দীর্ঘ দুই দশক, এখনও এর ফল ভোগ করতে হচ্ছে আমাদেরকে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এই দায়মুক্তি বাতিল করে ঘাতকদের বিচার করেছে। আরেক আগস্টে যখন আওয়ামী লীগ সরকারেরই এক মন্ত্রী কিছু উর্দ্ধতন আমলার দায়মুক্তি চেয়ে চিঠি লিখেন তখন আমাদের ভয় হয় এইভাবেই ইতিহাসের উল্টোযাত্রা শুরু হয় কিনা ভেবে। এই চিঠিটি সরকারের দুর্নীতিবিরোধী দৃঢ় অবস্থানের সাথে মানানসই নয়। বরং সরকারের দুর্নীতিবিরোধী আন্তরিক চেষ্টাগুলোকে এই ধরনের চিঠি প্রশ্নবিদ্ধ করে মাত্র। তাই সরকারের সর্বোচ্চ মহলের সতর্ক থাকা দরকার বলে আমরা মনে করি। বিনা বিচারে কাউকে দোষী বলা আইনসঙ্গত যেমন নয় তেমনি বিচারের আগেই কাউকে দায়মুক্তি দেয়াও অনুচিত।

