তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিদ্যালয়ে আসার পথে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে যৌন হয়রানী ও মারধর করে শ্লীলতাহানী ঘটিয়েছে ৩ বখাটে। এই ঘটনাটি ঘটেছে, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গুটিলা সড়কে। মঙ্গলবার সকাল ১১ টায় মুমূর্ষু অবস্থায় ঐ ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় হুমায়ুন কবির নামের এক বখাটেকে
আটকের পর ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদ- প্রদান করেছেন।
এ ব্যাপারে ভিকটিমের পিতা ৩ বখাটের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছে। ঐ ছাত্রী বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের এবছর এসএসসি পরীক্ষার্থী। এদিকে এ খবর জানাজানি হলে, ঐ ছাত্রীর বিদ্যালয়ের সহপাঠিরা প্রথম ঘন্টার ক্লাস বর্জন করে বখাটেদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ঘেরাও করে।’
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী তার অপর এক সহপাঠিকে নিয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে আসার পথে মানিগাঁও গুটিলা সড়কে তাকে দেখতে পেয়ে মানিগাঁও গ্রামের ফরিদ মিয়ার বখাটে ছেলে হুমায়ুন কবীর (২১), তার অপর সহযোগী একই গ্রামের ফিরুর মিয়ার ছেলে জালাল উদ্দিন (২০) ও অজ্ঞাতনামা এক মোটরসাইকেল চালককে সাথে নিয়ে তাদের পথরোধ করে ধারালো ছুরি গলায় ঠেকিয়ে ঐ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। ঐ ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে মুখে গামছা বেধে জোর করে গাড়িতে তুলে নিয়ে যেতে চেষ্টা করে। একপর্যায়ে তিন বখাটে মিলে ঐ ছাত্রীকে বেধড়ক মারপিট করে রাস্তায় ফেলে শ্লীলতাহানী ঘটায়। পরে তার সঙ্গে থাকা সহপাঠিরা চিৎকার করলে বখাটেরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মূল হোতা বখাটে হুমায়ূন কবিরকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে তিন মাসের কারাদ- প্রদান করেন।


