বিজয় সম্মিলিত নাট্য উৎসব শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার
‘এসো নাট্যমঞ্চে, মেতে উঠি বিজয় উল্লাসে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিজয় সম্মিলিত নাট্য উৎসব শুরু হচ্ছে আজ। আজ বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে নাট্য উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
দুই দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা।
বিজয় সম্মিলিত নাট্য উৎসবে দুই দিনে ৯টি নাটক মঞ্চায়ন করবে সুনামগঞ্জ ও সিলেটর নাট্যদলগুলো। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৫টা থেকে শুরু হবে নাটক। প্রথম দিন দেওয়ান গিয়াস চৌধুরীর রচনা ও নির্দেশনায় থিয়েটার সুনামগঞ্জ ‘সোনার থালা’, গৌতম কর তপনের রচনা ও নির্দেশনায় সুনামগঞ্জ একতা থিয়েটার ‘রাই কিশোরী’, বিপ্রজিত তালুকদারের রচনা ও নির্দেশনায় সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কালচারাল উইং ফোরাম অফ সার্কিট ক্লাব ‘সমরালপন’ মঞ্চস্থ করবে।
দ্বিতীয় ও সমাপনী দিন পাপ্পু রায়ের পুন: নির্দেশনা, তনু দীপের নির্দেশনা ও মান্নান হীরার রচনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের দিক থিয়েটার ‘ওয়ারিশ’, রোনাল্ড সেগাল’র রচনা, আসলাম অরণ্য’র নাট্যরূপ ও পুলক রাজের নির্দেশনায় সুনামগঞ্জ উদীচী নাট্য বিভাগ আফ্রিকার রূপকথার উপন্যাস অবলম্বনে ‘টোকোলশ’, বিধান চন্দ্র বনিক বাঁধনের রচনা ও তুর্য রাজের নির্দেশনায় সুনামগঞ্জ লোকদল শিল্পীগোষ্ঠী ‘যেমন কর্ম তেমন ফল’ এবং সামিনা চৌধুরীর রচনা ও নির্দেশনায় সুনামগঞ্জ সৃষ্টি থিয়েটার ‘স্টেশনের গল্প’ মঞ্চস্থ করবে।
এছাড়াও উৎসব উপলক্ষে নাটের ফাঁকে ফাঁকে কালচারাল ফোরাম থাকবে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করবে বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিট।