বিটিআই ওপেন জিতলেন সিদ্দিকুর

সু.খবর ডেস্ক
কুর্মিটোলা গলফ কোর্সে শনিবার শেষ হাসি হাসলেন সিদ্দিকুর রহমান। শিরোপা খরায় ভুগতে থাকা দেশসেরা এই গলফার জিতে নিলেন বিটিআই ওপেন ট্রফি। সজীব আলী প্লে-অফে পারলেন না সিদ্দিকুরের সঙ্গে। সিদ্দিকুরের এটি পঞ্চম পিজিটিআই শিরোপা। যা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক। টুর্নামেন্টে তৃতীয় হয়েছেন ভারতের সুজান সিং।
লড়াইটা যে শেষ রাউন্ডে এসে প্লে-অফে গড়াবে তা হয়তো অনুমান করতে পারেননি কেউ। শেষ দিনে সিদ্দিকুর পারের চেয়ে ১ শট কম খেলেন। সজীব খেলেন পারের চেয়ে ৬ শট কম। চার রাউন্ড মিলিয়ে দুজনের স্কোর দাঁড়ায় পারের চেয়ে ১৫ শট কম। শেষ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ সিদ্দিকুরের কাছে প্লে-অফে টক্কর দিতে পারেননি সজীব। প্লে-অফের নিয়ম অনুযায়ী ১ হোলের খেলা হয়। তাতে সিদ্দিকুর বার্ডি করেন, পারের সমান খেলেন সজীব। সিদ্দিকুর ক্যারিয়ারের প্রথম এশিয়ান ট্যুরের শিরোপাও জিতেছিলেন প্লে-অফে।
সিদ্দিকুর সর্বশেষ কোনো আন্তর্জাতিক ট্রফি জিতেছিলেন এশিয়ান ট্যুরে, দিল্লিতে ২০১৩ সালে। খরা কাটিয়ে এবার বিটিআই ওপেন জিতে উচ্ছ্বসিত সিদ্দিকুর বললেন, ‘চেনা দর্শকদের সামনে জিতেছি বলে আমার আনন্দটা বেশি। তবে আজ খুব বেশি ভালো খেলতে পারিনি। শুধু নিজের খেলার দিকে মনোযোগ ধরে রেখে চেষ্টা করেছি স্বাভাবিক খেলতে।’
অনেক দিন থেকেই পিঠের ব্যথায় ভুগতে থাকা সিদ্দিকুর নিজের ফিটনেস নিয়ে খুশি নন। আগামীকাল ফিটনেস টেস্ট দিতে তাঁর ভারত যাওয়ার কথা। সেটিতে উতরে গেলে জাপানে প্যানাসনিক ওপেন খেলবেন। ২১-২৪ এপ্রিল হবে এই টুর্নামেন্ট।