কুমার সৌরভ
সূর্যাস্তের সময় ডুব দিলাম দিগন্তের নীল জলে
একজন পাতাকুড়ানি শীতের নিরক্ত রাতে জ্বালিয়েছে
সৈকতে আগুনের এক প্রস্ত উত্তাপ
হিমেল হাওয়াকে পরাস্ত করে উষ্ণতার উদ্বোধন সে আয়োজনে।
পাতাকুড়ানি দুষ্টু বালিকার চুল ভিজিয়ে শিশিরে
তার চোখে সন্ধ্যাতারার ফুল ছুঁড়ে
আমি চললুম অবশেষে একেবারে নিজেকে নিঃশেষ করে
বিবর্ণ হলুদ বিভার এক চিলতে জলসিঁড়ি বেয়ে।
তোমরা ওই অগ্নি কুণ্ডলির নীচে এসে জড়ো হও
দেখ- নেমে আসা অন্ধকারের পিছনে আরেক সোনালী বালক
হাতে তার মুঠো মুঠো সম্ভাবনা।
মাছের মত রূপালী, ধানের মত সোনালী
গভীর জলের মত নীল আর আশার মত সবুজ সেই বালক
জীবনকে জড়িয়ে দিতে এসেছে সে দূর সমুদ্রের কোল থেকে।
আমার মাঝে ছিল কিছু হতাশার পালক
সেইসব পুড়িয়ে দাও তোমরা আজকের রাতে
পাতাকুড়ানির পাতার আগুন জ্বলে থাকুক
সোনালী বালকের শরীরে উত্তাপ দিতে।


