বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট ও দিরাই রাস্তার মদনপুর পয়েন্টে টানা ৯ দিন বিদ্যুৎ না থাকার প্রতিবাদে ও দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলা অবরোধে সড়কের উভয়পাশে আটকে পড়া যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বিক্ষোভ চলাকালীন সময়ে সড়কের অবরোধ তুলতে প্রশাসনের পক্ষ থেকে কোন তৎপরতা লক্ষ্য করা যায় নি। অবরোধ তুলে নেয়ার আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে।
বিক্ষোভ ও অবরোধ চলাকালে বক্তব্য রাখেন, স্থানীয় ব্যবসায়ী শামীম আহমেদ রনি, এনামুল হক, নূর আলী মিয়া, মেহদি   
 হাসান মাসুম, রাজু শীল, আল আমিন, তহুর মিয়া, আতিকুর রহমান, আফাজ মিয়া, স¤্রাট মিয়া প্রমুখ। পরে সড়কের উভয়পাশে আটকা পড়া যানবাহনের যাত্রীদের অনুরোধে বিদ্যুৎ বিভাগকে লাইন সচলের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, মদনপুর এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হওয়ায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। সিলেট থেকে ট্রান্সফরমারটি মেরামত করে এনে দ্রুত বিদ্যুৎ লাইন সচল করা হবে।