সু.খবর ডেস্ক
রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এক হাজার ৮৯০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়াও মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে রেল সংযোগ স্থাপনসহ ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৪ হাজার ১৬৭ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৯ হাজার ২৬৫ কোটি ৮৫ লাখ টাকা ও প্রকল্প সাহায্য ২৪ হাজার ৭৪৯ কোটি ৫ লাখ টাকা। এছাড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১৫২ কোটি ২৪ লাখ টাকা।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি ঢাকা স্টেশন হতে শুরু হয়ে গেন্ডারিয়া-মাওয়া-পদ্মা সেতু (নির্মাণাধীন) হয়ে ভাঙ্গা জংশন সংযুক্ত করবে এবং ভাঙ্গা জংশন হতে কাশিয়ানী জংশন স্টেশন হয়ে পদ্মাবিলা জংশন হয়ে বিদ্যমান রুপদিয়া এবং সিঙ্গিয়া স্টেশনকে সংযুক্ত করবে। তিনি জানান, ঢাকা-গেন্ডারিয়া সেকশনে ৩ কিলোমিটার ডাবল লাইনসহ প্রকল্পের আওতায় মোট ১৭২ কিলোমিটার নতুন মেইন লাইন নির্মাণ করা হবে।
- সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালন
- বিএনপির প্রার্থী বাছাই-জামালগঞ্জ-তাহিরপুর


