স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সুনামগঞ্জে উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন বিনা ধান-১০ কাটার উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে এই ধান কাটার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বিনা ধান-১০ এর উদ্ভাবক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ফরিদুল হাসান, উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন টিপু, বিনা উপকেন্দ্র সুনামগঞ্জের অফিসার ইনচার্জ ও বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুর রাকিব, সুরমা ইউপি উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিকাশ কুমার তালুকদার ও স্থানীয় কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, বিনা ধান-১০ লবণ সহিষ্ণু, উচ্চ ফলনশীল, আলোক অসংবেদনশীল ও উন্নত গুণাগুণ সম্পন্ন বোরো ধানের জাত। এই জাতের জীবনকাল অত্যন্ত কম হওয়ায় হাওরাঞ্চলের জন্য খুবই উপযোগী। এই ধান আগাম বন্যার পূর্বেই কর্তন করা যায়।


