স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০জন বিপণনকর্মীর পাশে দাঁড়িয়েছে সমকাল সুহৃদ সমাবেশ।
বুধবার সকাল ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরে বিপণনকর্মীদের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন সুনামগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি অ্যাড. মাহবুবুল হাছান শাহীন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবন, পেঁয়াজ, আলু, চিড়া প্রভৃতি।
খাদ্য সামগ্রী পেয়ে বিপণন কর্মী এনামুল হক বলেন, বন্যায় পানিতে বাড়ি-ঘর নষ্ট হয়ে গেছে। ঘরেও খাওয়ার কিছু নেই। বন্যার কারণে কয়েকদিন ধরে পত্রিকা বিক্রি বন্ধ থাকায় খুব কষ্ট করে দিন কাটাতে হচ্ছে। ছেলে-মেয়ের মুখে একমুঠো ভাত তুলে দিতে সকাল থেকে হন্য হয়ে কাজের খুঁজে বের হয়েছি। কোন দিন কাজ পেয়েছি, কোন দিন পাইনি। আজ (বুধবার) পত্রিকা অফিসে এসেছিলাম ত্রাণের আশায়- এসে জানতে পারলাম সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে বিপণন কর্মীদের ত্রাণ দেওয়া হবে। খাদ্য সামগ্রী পেয়ে কিছুটা স্বস্তি বোধ করেছি।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পঙ্কজ দে, সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আবুল হাসান, সুনামগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সনি, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক অভিজিৎ রায় সহ সমকাল সুহৃদ সমাবেশের সদস্যবৃন্দ।
সুনামগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি অ্যাড. মাহবুবুল হাছান শাহীন বলেন, সামাজিক দায়বদ্ধতার এবং দায়িত্ববোধ থেকে আমাদের সবার উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো। করোনা মহামারীর সময়ও আমরা বিপণনকর্মীদের পাশে ছিলাম। সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিপণনকর্মীদের পাশে দাঁড়িয়েছে সমকাল ও তার পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ। যে কোন দুর্যোগ ও সংকটে আমরা তাদের পাশে থাকবো।


