শুভ্র রাজন, সিলেট স্টেডিয়াম থেকে
সিলেটে দ্বিতীয় বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা ওঠেছে সোমবার। সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড় ৭টায় টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সূচনা ম্যাচে সুনামগঞ্জ জেলা দল ২-১ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে হারিয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে শুরু হওয়া উদ্বোধনী ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় সুনামগঞ্জ জেলা দল। ডিবক্সের বাইরে বল পেয়ে জোরালো শট নেন ১১ নং জার্সিধারী। স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থাকা শ’পাঁচেক দর্শক তখন উল্লসিত। ১১ নং জার্সিধারীর শট যে জালে জড়িয়ে গেছে!
এরপর প্রায় একতরফাই ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের রক্ষণভাগ কাঁপিয়েছে সুনামগঞ্জ জেলা দল। আক্রমণ ভাগের নেতৃত্ব দেয়া ২০ নং জার্সিধারী খেলেছেন দ্রুতগতির ফুটবল। ফল পেতে তাই বেশি দেরি হয়নি। প্রথমার্ধের ৩০ মিনিটেই দ্বিতীয়বারের মতো গোল হজম করে ব্রাহ্মণবাড়িয়া। ডিবক্সের বাইরে বল পেয়ে দু’জনকে কাটিয়ে আলতো শটে বল জালে জড়ান ২০ নং জার্সিধারী।
দুই গোল হজম করেও প্রথমার্ধের
বাকি সময় নিষ্প্রাণ ফুটবল খেলেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল। একাধিক আক্রমণ করেও এরপর গোল পায়নি সুনামগঞ্জ।
দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্সিভের খোলস ছেড়ে বেরিয়ে আসে ব্রাহ্মণবাড়িয়া। আক্রমণে ওঠার ফল ম্যাচের ৫৫ মিনিটে পেয়ে যায় তারা সুযোগ। সুনামগঞ্জ জেলা দলের শক্তিশালী ডিফেন্সকে ভেদ করে জালে বল জড়ান ব্রাহ্মণবাড়িয়ার ৯ নং জার্সিধারী খেলোয়াড়।
ম্যাচের ৬৫ মিনিটে সুনামগঞ্জের ডিবক্সের ভেতর পড়ে যান ব্রাহ্মণবাড়িয়ার এক খেলোয়াড়। পেনাল্টির দাবি নিয়ে রেফারির উপর চড়াও হয় ব্রাহ্মণবাড়িয়া দল। এ নিয়ে হট্টগোলে খেলা বন্ধ থাকে প্রায় ৫ মিনিট।
পরে ম্যাচে ফিরলেও ব্রাহ্মণবাড়িয়া খেলেছে ম্যাড়ম্যাড়ে ফুটবল। এক গোলে পিছিয়ে থেকেও গোল পরিশোধে মরিয়া হয়ে খেলার প্রচেষ্টা ছিল না তাদের মধ্যে। অন্যদিকে প্রথমার্ধে আক্রমণ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ডিফেন্স কাঁপালেও দ্বিতীয়ার্ধের শেষ দিকে নিষ্প্রভ হয়ে পড়ে সুনামগঞ্জ জেলা দলও। ফলে ম্যাচ শেষ হয় ২-১ গোলেই।
সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি জেলা দল হচ্ছে- সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। উদ্বোধনী ম্যাচ ছাড়াও টুর্নামেন্টের ফাইনাল হবে ফ্লাড লাইটের আলোয়। ২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন একটি করে ম্যাচ রয়েছে। একদিন বিরতি দিয়ে ৩০ আগস্ট সন্ধ্যা ৭টায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
এর আগে খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ, সিলেটের পুলিশ কমিশনার কামরুল হাসান, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন ও সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
- সিলেটে শাহজালাল (রহ.)- এর মাজারে ওরস শুরু
- সিলেটে আবারো পুলিশের ওপর ছাত্রলীগের হামলা ছয় পুলিশ আহত, ছাতকের সুফিসহ হামলাকারী ছাত্রলীগের ১০ জন জেলে


