বিভিন্ন উপজেলায় বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে মানববন্ধন

সু.খবর রিপোর্ট
হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরু ও সরকারি ওয়েব পোর্টালে সকল পিআইসিদের তালিকা প্রকাশের দাবিতে ধর্মপাশা উপজেলার মধ্যনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাওর বাঁচাও আন্দোলন ধর্মপাশা উপজেলা কমিটির উদ্যোগে শনিবার বেলা এগারোটায় মধ্যনগর শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সদস্য সচিব চয়ন কান্তি দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা কমিটির যুগ্ন আহ্বায়ক আলাউদ্দিন, সদস্য সাজিদুল হক সাজু, মধ্যনগর থানা কমিটির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান প্রমুখ।
তাহিরপুর
দুপুরে তাহিরপুর পূর্ব বাজারে মানববন্ধনে হাওরপাড়ের কৃষক সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ৩০ নভেম্বরের মধ্যে বাঁধের কাজের জরিপ, প্রাক্কলন তৈরি ও পিআইসি গঠন করে ১৫ ডিসেম্বরের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করার কথা। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার কথা। সেখনে একটি প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। এসময় বক্তারা দ্রুত সকল বাঁধের কাজ শুরুর তাগিদ দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক শামীম আহমেদ, রফিকুল ইসলাম, জোসেফ আখঞ্জি, মুক্তিযোদ্ধা চুরতজামান, হাওর বাঁচাও আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক ফজলুল করিম সাঈদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের উপজেলা সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হুসাইন শরীফ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের উপজেলা কর্মী অপু তালুকদার, প্রণব রায়, রাহুল, অনিক, সোহান, জাহাঙ্গীর, ইয়াসিন, হৃদয়, শাকিল, হিমেল ও সংগঠনটির উপজেলা সদস্য সচিব গোলাম সরোয়ার লিটন।
জামালগঞ্জ
সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি শাহানা আল আজাদ। যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মনোয়ারা আক্তার মনি প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়কিশোর দাস, সজীব বনিক, জগদীশ তালুকদার, সুমন সরকার, আফছা বেগম, রামানন্দ সরকার রাবণসহ আরও অনেকে।
মানববন্ধনে দ্রুত কাজ শুরুর দাবি জানিয়ে পিআইসিদের স্বচ্ছতা বজায় রেখে টেকসই বাঁধ নির্মাণের আহবান জানানো হয়।