বিন্দু তালুকদার
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থাসহ একাধিক সংস্থা ও রাজনৈতিক দলসহ নানা মাধ্যম থেকে পাওয়া তথ্য মোতাবেক জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার ১৩ টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৭০ জন।
দায়িত্বশীল সংস্থাসমূহ এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রার্থীদের জীবন বৃত্তান্ত, দলীয় সংশ্লিষ্টতা, ইতিপূর্বে নির্বাচন করেছেন কি না, জনমত যাচাইয়ে ভোট প্রাপ্তির সম্ভাব্য হার, নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন কি না, সরকারি দলের ক্ষেত্রে যোগ্য প্রার্থীকে জয়ী হতে হলে কি করণীয় এসব বিষয়ে তথ্য উলেখ করা হয়েছে এসব তালিকায়।
জামালগঞ্জ উপজেলা
জামালগঞ্জ সদর ইউনিয়নের সরকারি সংস্থার পক্ষ থেকে ৬ জন সম্ভাব্য প্রার্থীর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ জন আওয়ামী লীগের সমর্থক এবং ১ জন বিএনপির সমর্থক বলে উল্লেখ করা হয়েছে। তারা হলেন আওয়ামী লীগের জামিল আহমদ জুয়েল, আব্দুল মুকিত চৌধুরী, আবুল খায়ের, আবু আলা রনি ও বর্তমান চেয়ারম্যান মো. ফয়জুল আলম মোহন এবং বিএনপির শফিকুল ইসলাম। জনমত যাচাইয়ে প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর ভোট প্রাপ্তির হার দেখানো হয়েছে ৫ থেকে ৫৫ শতাংশ।
জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ৫ জন সম্ভাব্য প্রার্থীর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ জন আওয়ামী লীগের সমর্থক এবং ২ জন বিএনপির সমর্থক বলে উল্লেখ করা হয়েছে। এরা হলেন আওয়ামী লীগের এমএ নবী হোসেন, মোবারক হোসেন তালুকদার, ইকবাল আল আজাদ এবং বিএনপির শহিদুল ইসলাম ও আলী আক্কাছ মুরাদ । জনমত যাচাইয়ে প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর ভোট প্রাপ্তির সম্ভাব্য হার দেখানো হয়েছে ২০ থেকে ২৫ শতাংশ।
ফেনারবাঁক ইউনিয়নের ৬ জন সম্ভাব্য প্রার্থীর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ জন আওয়ামী লীগের সমর্থক এবং ২ জন বিএনপির উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তারা হলেন আওয়ামী লীগের করুনা সিন্ধু তালুকদার, মতিউর রহমান, সাধন তালুকদার, জিতেন্দ্র তালুকদার পিন্টু এবং বিএনপির আজাদ হোসেন বাবলু ও জুলফিকার চৌধুরী রানা। জনমত যাচাইয়ে প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর ভোট প্রাপ্তির সম্ভাব্য হার দেখানো হয়েছে ৫ থেকে ৩০ শতাংশ।
ভীমখালী ইউনিয়নের ৭ জন সম্ভাব্য প্রার্থীর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ জন আওয়ামী লীগের সমর্থক, ৩ জন বিএনপির সমর্থক এবং ১ জন জাতীয় পার্টির সমর্থক উল্লেখ করা হয়েছে।
এরা হলেন আওয়ামী লীগের আক্তার শাহ, মো. মিছবাহ উদ্দিন, অ্যাড. আব্দুল খালেক, বিএনপির আবু বক্কর, অ্যাড.শাহীনূর রহমান, দুলাল মিয়া এবং জাতীয় পার্টির আব্দুল মান্নান তালুকদার। জনমত যাচাইয়ে প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর ভোট প্রাপ্তির সম্ভাব্য হার দেখানো হয়েছে ৫ থেকে ২৫ শতাংশ।
সাচনা ইউনিয়নে ৩ জন সম্ভাব্য প্রার্থীর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১ জন আওয়ামী লীগের সমর্থক, ১ জন বিএনপি সমর্থক এবং ১ জন স্বতন্ত্র বলে উল্লেখ করা হয়েছে। এরা হলেন আওয়ামী লীগের রেজাউল করিম শামীম, বিএনপির নুরুল হক আফিন্দি এবং স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ তালুকদার। জনমত যাচাইয়ে প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর ভোট প্রাপ্তির সম্ভাব্য হার দেখানো হয়েছে ১৫ থেকে ৪০ শতাংশ।
বেহেলী ইউনিয়নের ৫ জন সম্ভাব্য প্রার্থীর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ জন আওয়ামী লীগের সমর্থক এবং ১ জন বিএনপির সমর্থক বলে উল্লেখ করা হয়েছে। এরা হলেন আওয়ামী লীগের ভজন তালুকদার, প্রদীপ কুমার মজুমদার, নির্মাল্য কান্তি রায়, অসীম চন্দ্র তালুকদার এবং বিএনপির সিরাজুল হক তালুকদার। জনমত যাচাইয়ে প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর ভোট প্রাপ্তির সম্ভাব্য হার দেখানো হয়েছে ৫ থেকে ৫০ শতাংশ।
তবে রাজনৈতিক দলসহ বেসরকারি সূত্রে জামালগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে আরো অনেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তথ্য পাওয়া গেছে।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাংশের (মোয়াজ্জেম হোসন রতন সমর্থক অংশ) নেতা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ্ উদ্দিন বলেন,‘জামালগঞ্জ সদর ইউনিয়নে আবুল কালাম আজাদ, ভীমখালি ইউনিয়নে আসাদ মিয়া, সাচনাবাজারে সায়েম পাঠান, বেহেলী ইউনিয়নে মনু মিয়াও দলীয় প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন’।
জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি বলেন,‘জামালগঞ্জ সদর ইউনিয়নে নাজিম উদ্দিন, ভীমখালীতে ফরিদ মিয়া ও মদরিছ আলী, সাচনাবাজারে গোলাম রব্বানী, বেহেলী ইউনিয়নে মকসুদ মিয়া, ধন মিয়া ও নূর মিয়া দলীয় প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন’।
জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলার সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম বলেন,‘জামালগঞ্জ উত্তর ইউনিয়নে আসাদ আল আজাদ, ফেনারবাঁক ইউনিয়নে নুরু মিয়া ও বেহেলী ইউনিয়নে রথি রঞ্জন পুরকায়স্থও দলীয় প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন’।
তাহিরপুর উপজেলা
তাহিরপুর সদর ইউনিয়নের ৭ জন সম্ভাব্য প্রার্থীর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ জন আওয়ামী লীগের সমর্থক এবং ১ জন বিএনপির সমর্থক বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
তারা হলেন আওয়ামী লীগের হাফিজ উদ্দিন, স্বপন কুমার দাস, মোতাহার হোসেন শামীম, অমল কান্তি কর, বাচষ্পতি রায় বাচ্চু এবং বিএনপি সমর্থক বোরহান উদ্দিন ও মেহেদী হাসান উজ্জ্বল। জনমত যাচাইয়ে প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর ভোট প্রাপ্তির সম্ভাব্য হার দেখানো হয়েছে ৫ শতাংশ থেকে ৩০ শতাংশ।
শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ জন সম্ভাব্য প্রার্থীর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ জন আওয়ামী লীগের সমর্থক এবং ১ জন বিএনপির সমর্থক বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তারা হলেন আওয়ামী লীগের আবুল হোসেন খাঁ, আমীর আলী, জয়ধর আলী, মনজুর খন্দকার এবং বিএনপির আলী হায়দার। জনমত যাচাইয়ে প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর ভোট প্রাপ্তির সম্ভাব্য হার দেখানো হয়েছে ৭ শতাংশ থেকে ৫০ শতাংশ।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৮ জন সম্ভাব্য প্রার্থীর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ জন আওয়ামী লীগের সমর্থক, ২ জন বিএনপির সমর্থক এবং ১ জন জামায়াতের সমর্থক বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তারা হলেন আওয়ামী লীগের বিশ্বজিৎ সরকার, হারুনুর রশিদ, হিমাংশু তালুকদার, নজরুল ইসলাম মাসুক, আতিকুল ইসলাম আতিক, বিএনপির শামীম আহমদ মুরাদ এবং জামায়াতের অ্যাড. মহসিন রেজা মানিক। জনমত যাচাইয়ে প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর ভোট প্রাপ্তির সম্ভাব্য হার দেখানো হয়েছে ৬ শতাংশ থেকে ৩০ শতাংশ।
বাদাঘাট ইউনিয়নের ৪ জন সম্ভাব্য প্রার্থীর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ২ জন আওয়ামী লীগের সমর্থক এবং ২ জন বিএনপির সমর্থক বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তারা হলেন আওয়ামী লীগের নিজাম উদ্দিন, মোর্শেদ আলম এবং বিএনপির রাখাব উদ্দিন ও আবু সায়েম। জনমত যাচাইয়ে প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর ভোট প্রাপ্তির সম্ভাব্য হার দেখানো হয়েছে ১৫ শতাংশ থেকে ৪০ শতাংশ।
বড়দল উত্তর ইউনিয়নের ৪ জন সম্ভাব্য প্রার্থীর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ২ জন আওয়ামী লীগের সমর্থক এবং ২ জন বিএনপির সমর্থক বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তারা হলেন আওয়ামী লীগের জামাল উদ্দিন, মাসুক মিয়া এবং বিএনপির আবুল কাসেম, মহিউদ্দিন। জনমত যাচাইয়ে প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর ভোট প্রাপ্তির সম্ভাব্য হার দেখানো হয়েছে ১৫ শতাংশ থেকে ৪০ শতাংশ।
বড়দল দক্ষিণ ইউনিয়নের ৬ জন সম্ভাব্য প্রার্থীর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ জন আওয়ামী লীগের সমর্থক এবং ৩ জন বিএনপির সমর্থক বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তারা হলেন আওয়ামী লীগের আব্দুস ছাত্তার, ইউনুছ মিয়া, হাজী সিদ্দিকুর রহমান এবং বিএনপির আবুল কালাম আজাদ, সবুজ আলম ও আজাহার আলী। জনমত যাচাইয়ে প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর ভোট প্রাপ্তির সম্ভাব্য হার দেখানো হয়েছে ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ।
বালিজুরি ইউনিয়নের ৫ জন সম্ভাব্য প্রার্থীর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ জন আওয়ামী লীগের সমর্থক, ১ জন বিএনপির সমর্থক এবং ১ জন জাতীয় পার্টির সমর্থক বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তারা হলেন আওয়ামী লীগের আতাউর রহমান, মিলন তালুকদার, হাজী আব্দুজ জহুর, বিএনপির সাখাওয়াত হোসেন এবং জাতীয় পার্টির নজির হোসেন। তবে হাজী আব্দুজ জহুর আওয়ামী লীগের রাজনীতি করেন না বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ। জনমত যাচাইয়ে প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর ভোট প্রাপ্তির সম্ভাব্য হার দেখানো হয়েছে ৫ শতাংশ থেকে ৪৫ শতাংশ।
তাহিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন,‘নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকের নাম আসতেই পারে এবং এসব বিষয় নানাভাবে প্রচার হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে বসে সবার সাথে আলাপ-আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে দলীয় একক প্রার্থী মনোনীত করতে। কাজ চলছে এখনও চেয়ারম্যান প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি।’
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ বলেন,‘ ইউনিয়ন পর্যায়ে তালিকা তৈরির কাজ চলছে, এখনও শেষ হয়নি। শ্রীপুর উত্তরে সম্ভাব্য প্রার্থী আমির আলী আওয়ামী লীগের কেউ নন। তার নাম আওয়ামী লীগের প্রার্থী তালিকায় আসার কোন সুযোগ নেই। শ্রীপুর দক্ষিণে এখনও তালিকা পাওয়া যায়নি। সদরে ইকবাল হোসেন, হাফিজ উদ্দিন, স্বপন কুমার দাস, মোতাহার হোসেন শামীমের নাম পাওয়া গেছে। বালিজুরিতে আতাউর রহমান ও মিলন তালুকদার, বাদাঘাটে নিজাম উদ্দিন, আপ্তাব উদ্দিন, সুজাত মিয়া ও জালাল উদ্দিন, বড়দল উত্তরে জামাল উদ্দিন, মাসুক মিয়ার সাথে জমির উদ্দিনের নাম পাওয়া গেছে। বড়দল দক্ষিণে তিনজনের নামই এসেছে। তবে আমাদের হাতে যেসব প্রার্থীর নাম এসেছে তাই চূড়ান্ত নয়। উপজেলা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে সভায় বসে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।’
- জগন্নাথপুর পৌরশহরে মশার উপদ্রব দমনে নেই উদ্যোগ
- পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধাপরাধ তথ্য পেতে ডিসি ও কারা কর্তৃপক্ষকে চিঠি


