হিন্দু ফাউন্ডেশন গঠন এবং সরকারের আহরিত রাজস্ব থেকে পৃথক বরাদ্দ দাবি করেছেন জাতীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু। শুক্রবার জেলা শহরের এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। কেন্দ্রীয় সভাপতির এই দাবিটি বোধ করি এবারই প্রথম উচ্চারিত হয়নি। সম্ভবত এরকম দাবি তাঁরা বেশ আগে থেকেই করে আসছেন। জাতীয় সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব দেওয়ার আরেকটি দাবিও তাঁদের আছে বলে শুনেছি। ধর্মনিরেপক্ষতার আদর্শকে ধারণ করে স্বাধীন হওয়া একটি রাষ্ট্রে কোন ধর্মীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে এরকম দাবি উত্থাপনের কথা না থাকলেও যখন গোষ্ঠী বিশেষের তরফ থেকে এরকম কথা উঠে আসে তখন বুঝা যায় দেশে ধর্মীয় পরিচয়ে কিছু জনগোষ্ঠী বঞ্চনার শিকার হচ্ছেন। আমাদের দেশে নানা কারণে ধর্মীয় সংখ্যালঘুদের বঞ্চিত ও নির্যাতিত হওয়ার খবরাখবর মাঝে মধ্যেই খবরের কাগজে উঠে আসে। দেশে প্রতিবছরই সংখ্যালঘুদের সংখ্যা কমা এর জলজ্ব্যন্ত প্রমাণ। স্বাধীনতার ৪৫ বছরের মাথায় এসে এরকম অবস্থা প্রত্যক্ষ করা আমাদের জন্য গভীরভাবে লজ্জাজনক। ১৯৭১ সনে যখন অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন তখন কেউই চিন্তা করেননি এই দেশটির কিছু জনগোষ্ঠী শুধু ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবেন। তবে জাতীয় পূজা উদযাপন পরিষদ কিংবা হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ যে দাবি জানিয়েছেন সেগুলো মেনে নেওয়া হলেই যে দেশের সংখ্যালঘু বিষয়ক তাবৎ সমস্যার সমাধান হয়ে যাবে এমন মনে করার কোন কারণ নেই। রাষ্ট্র যে দর্শনের আওতায় পরিচালিত হবে সেই দর্শন মোতাবেক একটি সাংস্কৃতিক আবহ থাকতে হয়। রাষ্ট্রের ধর্মীয় পরিচয় নির্বিশেষে সকলেই ওই সাংস্কৃতিক বৈশিষ্ট দ্বারা পরিপূর্ণ থাকলে এমন দাবি তোলারই প্রয়োজন হত না। কারণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মূল দর্শন হলোÑ ধর্ম যার যার রাষ্ট্র সবার। এরকম একটি পরিবেশ নিশ্চিতকরণের জন্যই সকলের কাজ করে যাওয়া উচিৎ বলে আমরা মনে করি।
বর্তমান সরকার রাষ্ট্রের অসাম্প্রদায়িক চরিত্র নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। ধর্মীয় জনগোষ্ঠীর পবিত্র অনুষ্ঠানসমূহের পাশাপাশি সকল বাঙালির পালনীয় জাতীয় অনুষ্ঠানসমূহের পৃষ্ঠপোষকতাও অকৃপণভাবে এই সরকার জুগিয়ে যাচ্ছে। সরকারের এসব কর্মকা-ের উদ্দেশ্য হলো জাতপাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একসূত্রে গাঁথা। সরকারের ধারাবাহিক এসব কর্মকা-ের ফলাফল ধীর গতিতে হলেও সমাজে ইতিবাচকভাবে পড়ছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ এখন অতীতের যেকোন সময়ের চাইতে ভাল। রাষ্ট্র নিজে থেকে সাম্প্রদায়িক নিগ্রহে কোথাও মদদ জুগাচ্ছে না। সরকারের এই উদ্যোগকে সকলেরই সার্বক্ষণিক সমর্থন ও সহায়তা দিয়ে যেতে হবে।
দেশের সাম্প্রদায়িক নির্যাতনের অধিকাংশ চরিত্র বিশ্লেষণ করলে এর পিছনে সম্পদ দখলের অপচেষ্টা ও রাজনৈতিক বিরোধজনিত প্রতিহিংসা চরিতার্থ করার অভিপ্রায় দেখা যাবে। দেশে ভোটের আগে পরে সাম্প্রদায়িক পরিস্থিতির অবনতি হতে দেখা যায়। আর যখন কোন ধর্মীয় সংখ্যালঘু পরিবারের সম্পদ কুক্ষিগত করার ইচ্ছা জাগ্রত হয় প্রভাবশালী কারও মনে তখন সংশ্লিষ্ট স্থানে বিচ্ছিন্ন ভাবে পরিস্থিতির অবনতি ঘটে। অনেকক্ষেত্রে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশ্সানিক শিথিলতাও ঘটে। এইসব জায়গায় সরকারকে আরও মনোযোগী হওয়ার জন্য প্রচেষ্টা চালানো যেতে পারে।
বাংলাদেশের সংবিধানে কোন ব্যক্তিকে ধর্মীয় পরিচয়ে বৈষম্য করার সুযোগ দেওয়া হয়নি। এমন অবস্থায় ধর্মীয় কোটা সংরক্ষণের পরিবর্তে সকল নাগরিকের সম অধিকার নিশ্চিত করার মতো পরিবেশ তৈরি করাটাই অধিক যুক্তিসঙ্গত বলে আমরা মনে করি। নতুবা বিভক্তির মাত্রা যত বাড়বে মানসিকভাবে সংহতির জায়গাটাও ক্রমশ তত সংকুচিত হবে। তাই আসুন বিভেদ নয় সংহতি ও একতা অভিমুখেই আমরা সকলে প্রয়াসী হই।

