সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
চলতি বছর বিশ্বম্ভরপুর উপজেলার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলায় ৮ হাজার ৭০৫ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। বাজারে ধানের মূল্যেও ভালো পাওয়া যাচ্ছে।
জানা যায়, উপজেলার ধনপুর, পলাশ, সলুকাবাদ ও বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমন ধান বেশী চাষাবাদ হয়। কিন্তু এবার ফতেপুর ইউনিয়নের কিছু কিছু উঁচু জমিতেও আমন ধান চাষ করে কৃষকেরা বেশ ভালো লাভবান হয়েছেন।
কৃষকরা জানান, চলতি বছর বন্যা না হওয়ায় এবং বর্ষা মৌসুমে ধান রোপণের পর থেকেই সময় উপযোগী ঘন ঘন বৃষ্টিপাত হওয়ার ফলে উপজেলার চারটি ইউনিয়নে আমন ধানের বাম্পার ফলন হয়েছে।
বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের শক্তিয়ারখলা গ্রামের কৃষক কাজী জয়নাল আবদীন জানান, কয়েক বছরেও এমন ভালো আমন ধান হয়নি। এবার ৮ কেয়ার জমিতে ৪৯ ও বিরই জাতের ধান চাষ করেছেন। কেয়ার প্রতি ১০/১২ মণ ধানের ফলন হয়েছে।
ধনপুর ইউনিয়নের চান্দগাঁও গ্রামের কৃষক মো. শাহজাহান জানান, এবার ঘন ঘন বৃষ্টিপাতের ফলে পোকামাকড়ের আক্রমণ কম হয়েছে। সারও কম লেগেছে। কেয়ার প্রতি ১১/১২ মণ ধানের ফলন হয়েছে।
পলাশ ইউনিয়নের মাঝাইর গ্রামের আব্দুল করিম ও সলুকাবাদ ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মশিউর রহমান জানান, তাদের জমিতে আমন ধানের ফলন খুবই ভাল হয়েছে। ফলন ভালো হওয়ায় তারা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানান।
বিশ^ম্ভরপুর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, এ বছর বিশ^ম্ভরপুর উপজেলায় ৮ হাজার ৭০৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ধান উৎপাদন হয়েছে প্রায় ৪২ হাজার মেট্রিক টন। এ থেকে চাল পাওয়া যাবে প্রায় ২২ হাজার মেট্রিক টন।


