বিশ্বম্ভরপুরে আস্থা প্রকল্পের ফ্রি হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

তৃণমূল পর্যায়ে গুণগত মানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে রবিবার বিশ্বম্ভরপুর উপজেলার রতার গাঁও উচ্চ বিদ্যালয়ে আস্থা প্রকল্পের ফ্রি হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে আরম্ভ করে বিকেল ৫টা পর্যন্ত ৩০১ জন নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ২৬৫জন রোগীকে বিনা মূল্যে আংশিক ঔষধ সরবরাহ করা হয়। হেল্থ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ  
 মনিরুজ্জামান এবং বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ্ আল ওমর ফারুক এবং তাদের সহযোগিতা করেন ৬ জন কমিউনিটি প্যারামেডিক। আস্থা প্রকল্পটি নোভারটিস এবং সুইসকন্টাক্ট-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে নীলফামারী, পটুয়াখালী এবং সুনামগঞ্জ জেলায়। সুনামগঞ্জের সকল কার্যক্রম বাস্তবায়ন করছে বেসরকারী সংস্থা স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
হেল্থ ক্যাম্পে উপস্থিত ছিলেন সুইসকন্টাক্ট-আস্থা প্রকল্পের সিনিয়র এডভাইজর ডাঃ জাফর আহমদ হাকিম, প্রজেক্ট অফিসার মাহ্মুদুল হাসান, স্যানক্রেড-আস্থা প্রকল্পের ফোকাল পার্সন ইলিমেন্ট হাজং, সিডিও পলাশ চিছাম, ফিল্ড ম্যানেজার দিলওয়ারা বেগম কেয়া এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সুনামগঞ্জের তৃণমূল পর্যায়ে রোগীদের গুণগত স্বাস্থ্য সেবা প্রদান, রোগীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং কমিউনিটি প্যারামেডিকদের সাথে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে উক্ত হেল্থ ক্যাম্পটি আয়োজন করা হয়। বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জালাল উদ্দীন মোঃ মোর্শেদ হেল্থ ক্যাম্প আয়োজনকারীদের শুভ কামনা জ্ঞাপন করেন এবং কেয়ার বাংলাদেশের সহায়তায় ফলিক এসিড সরবরাহ করেন।