বিশ্বম্ভরপুরে জমি সংক্রান্ত বিরোধে ৩ ব্যক্তি আহত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর বাঘমারা গ্রামে জমি বিরোধের জের ধরে ৩ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়নের বাঘমারা গ্রামের গুরাচান্দ পালের পুত্র নিকুঞ্জ পাল ও একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আপ্তাব    
মিয়ার ছেলে আলমগীরের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল।          
শনিবার সকাল ৯ ঘটিকার সময় বিরোধকৃত জমিতে ধান রোপণ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে নিকুঞ্জ পালের ছেলে মানিক পাল (৩৫) সংঘর্ষে আক্রান্ত হলে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিকুঞ্জ পাল জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আলমগীর মিয়া ১৫ জন লোক নিয়ে আমার ও আমার ছেলের উপর আক্রমণ করে দোকান ও মালামাল তছনছ করে এবং এতে আমিও আহত হয়েছি।
আলমগীর মিয়া জানান, আমার রেকর্ডিয় জমি প্রতিপক্ষ জোর করে দখল করতে চেয়েছিল। এতে আমার লোকজন বাধা প্রদান করলে তাদের উপর আক্রমণ করা হয়। এতে শামছুল ইসলামের পুত্র সেলিম (২৫) ও আহমদ আলীর পুত্র শামছু মিয়া (৫০) আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, আমার কোন লোকজন প্রতিপক্ষের কোন দোকানে আক্রমণ করে নাই।