বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের আর্থিক সহায়তায় বিতর্ক প্রতিযোগিতা হয়।
বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল, অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবু জাফর ওসমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনের পরিচালনায় বিতর্ক প্রতিযোগিতায় মোট ৪টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিদ্যালয়গুলো হচ্ছে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ধনপুর হাজী আছমত আলী উচ্চ বিদ্যালয়, কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয়েছে ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্বে ছিলেন শিক্ষক মো. আবু হানিফ। বিচারক ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোছা. হাবিবা, সদস্য এম এ হান্নান, সদস্য এম এ আবুল কাহার।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান সাজু, ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইছমাইল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর ওসমানী, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, এবং প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সহ শিক্ষকগণ ও শিক্ষার্থীরা।


