বিশ্বম্ভরপুরে নিম্নাঞ্চলে বন্যা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে কয়েক দিন যাবত অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বন্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, হাট বাজার ও গ্রামীণ রাস্তা ঘাট ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঢেউয়ে উপজেলা সদর থেকে বিশ্বম্ভরপুর বাজার পর্যন্ত সড়ক ভাঙছে। হুমকির মুখে রয়েছে উপজেলা সদর কেন্দ্রীয় পূজা মন্দির।
সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ, সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে হাঁটু সমান হয়েছে। ফলে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে খুবই সমস্যা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান প্রাঙ্গণে ও রাস্তায় পানি উঠেছে। তাহিরপুর-সুনামগঞ্জ রাস্তায় বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা ১০০ মিটার ব্রিজের নিকট রাস্তায় কোমর পানি হয়েছে। ফলে যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে নৌকায় জনসাধারন চলাচল করছে।
শক্তিয়ারখলা গ্রামের আবু তাহের বলেন, গত কয়েক দিনের বর্ষণে ও পাহাড়ি ঢলে ১০০ মিটার ব্রিজের কাছে রাস্তা ডুবে গিয়ে জন চলাচল বিঘ্ন ঘটছে। আশপাশের অনেক কৃষি জমিতে শাক-সবজি ফসল ক্ষতি হচ্ছে।
বিশ্বম্ভরপুর বাজার বণিক সমিতির সভাপতি কপিল আহমদ বলেন, বাজারের গলিতে হাঁটু পানি হয়েছে।
সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন বলেন, ঢলের পানিতে ভাদেরটেক ও চালবন গ্রাম এলাকায় প্রায় ৩০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৫০/৬০টি ঘর।
ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ বলেন, চাতলপাড় ও ছনবাড়ী গ্রামে হাওরের ঢেউ ও ঢলের পানিতে অনেক ঘর বাড়ি হুমকির মুখে রয়েছে এবং কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের রাস্তাঘাট ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে।