বিশ্বম্ভরপুরে নৌকার ভরাডুবি

স্বপন কুমার বর্মন ও সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ৪র্থ ধাপে উপজেলার মোট পাঁচটি ইউনিয়নে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ করা হয়। পাঁচটি ইউনিয়নের মধ্যে একমাত্র সলুকাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থীর মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বিজয়ী হয়েছেন। বাকি সবকয়টিতে বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছেন।
অনেকেই বলছেন, আওয়ামী লীগের প্রার্থী বাছাই সঠিক হয় নি। যার ফলে নৌকার প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হতে হয়েছে। আবার অনেকেই বলছেন, আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় দলের মনোনীত প্রার্থীদের ভরাডুবি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্তিশালী একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় নৌকার মনোনীত প্রার্থীদের পরাজয় হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রবিবার রাত আটটার পর ফলাফল ঘোষণা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদ, উপজেলা নির্বাচন অফিসার মো. মনজুরুল হক, রিটার্নিং অফিসার মো. আব্দুর রহমান থানার ওসি মো. ইকবাল হোসেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , ইউনিয়ন পরিষদের প্রার্থীগণ ও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।
১নং সলুকাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে নূরে আলম সিদ্দিকী ৬৮৯৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত মোঃ মোহন মিয়া মোটরসাইকেল প্রতীকে ৬৬০৯ ভোট পেয়েছেন।
২নং পলাশ ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমদ মোটরসাইকেল প্রতীকে ৬২৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ নেতা মোঃ সুলেমান মিয়া ঘোড়া প্রতীকে ৩৬০৬ ভোট পেয়েছেন।


৩ নং ধনপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোঃ মিলন মিয়া ঘোড়া প্রতীকে ৫৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার আনারস প্রতীকে ৪৯৪৭ ভোট পেয়েছেন।
৪নং বাদাঘাট ইউনিয়নে উপজেলা বিএনপি’র সভাপতি ছবাব মিয়া ৪৩৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক চেয়ারম্যান মোঃ তারা মিয়া আনারস প্রতীকে ৩১৮৮ ভোট পেয়েছেন।
৫ নং ফতেপুর ইউনিয়ন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকে ফারুক আহমদ ৪৬১৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ দেলোয়ার হোসেন চশমা প্রতীকে ২৭৬৪ ভোট পেয়েছেন। আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী মোঃ হেলাল উদ্দিন নৌকা প্রতীকে মাত্র ৭৯৫ ভোট পেয়েছেন।