বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বজ্রপাতে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বজ্রপাতে আহত হয়েছে আরো ৩ জন। নিহতের নাম মিঠুন দাস (১২)। সে ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হরগোবিন্দ দাসের ছেলে এবং এলাকার মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আহতরা হলেন
নিহত মিঠুনের প্রতিবেশী নিউটন দাস এবং একই ইউনিয়নের পার্শ্ববর্তী ফতেপুর গ্রামের অজিত বর্মণ (৩২) ও রিপন বর্মণ (৩০)।
শুক্রবার দুপুরে পৃথক বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। নিজের বসত ঘরের সামনে হাতমুখ ধোয়ার সময় বজ্রপাতে নিহত হয় মিঠুন দাস। অন্যদিকে একই সময়ে এলাকার আবুয়া নদী এলাকায় পৃথক বজ্রপাতে ফতেপুর গ্রামের রিপন বর্মন ও অজিত বর্মন আহত হয়। গুরুতর আহত রিপন বর্মনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ওসি (তদন্ত) মোল্লা মনির হোসেন বলেন,‘পৃথক বজ্রপাতের ঘটনায় এক স্কুল ছাত্র নিহত এবং আরো তিন জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।


