বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা জাতীয় পাটি, মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে স্থানীয় স্মৃতিসৌধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরপর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে এবং অঞ্জন কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তাজ্জদ আলী খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ওসমান হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছরুয়ার আলম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ, কৃষকলীগ নেতা মোঃ ছামির আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোশাররফ হোসেন বাবলু প্রমুখ।
আলোচনা সভা শেষে অনলাইনে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন গ্রুপের ১ম, ২য়, ও ৩য় স্থান অধিকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মাওলানা ফজলুল হক।