স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
উদ্যমের উৎসব, ঐতিহ্যের পূজা, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলায় ২২টি মন্দিরে উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যেই প্রতিটি পূজা মন্দিরে প্রতিমা তৈরির কাজ জুরেসুরে শুরু হয়েছে। বাঁশ,খড় মাটি দিয়ে প্রতিমার কাজ করছেন প্রতিমা শিল্পীরা। তারা অত্যন্ত ব্যস্ততার সাথে প্রতি বছরের মত কাজ করছেন। দুর্গাপূজার সময় এ শিল্পীদের আয়ের ভাল সময়। অনেকেই একাধিক প্রতিমা তৈরি করছেন।
অনেক মন্দিরেই মূর্তির কাজ প্রায় শেষ পর্যায়ে। রং তুলি, কাপড় পড়ানো ও সাজ সজ্জার কাজ এগিয়ে যাচ্ছে। উপজেলা সদর বর্ণালী পূজা মন্দিরে ও কাইতকোনা হাজং সম্পদায়ের মন্দিরে প্রতিমা তৈরির কাজ করছেন দূর্গাপুর উপজেলার মুরারী হাজং ও কলমাকান্দা উপজেলার বিনয় হাজং।
তারা বলেন আমরা হাজং সম্পদায়ের লোক। চেষ্টা করছি একটু ব্যতিক্রম ও সুন্দরভাবে প্রতিমা তৈরি করতে । প্রতিটি পূজা উদযাপন কমিটির আয়োজকরাও মন্দির সাজানো, প্যান্ডেল তৈরিসহ পূজার মন্দির উৎসব অঙ্গন নান্দনিকভাবে গড়ে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিটি হিন্দু গ্রাম ও পাড়া মহল্লায় পূজাকে সামনে রেখে ছোট্ট সোনামনি ছেলে মেয়েরা সহ আবাল বৃদ্ধ বনিতা সকলের মধ্যে নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করেছেন।
উপজেলা পূজা উৎযাপন পরিষদের আহবায়ক জীবন কৃষ্ণ দাশ ও সদস্য সচিব স্বপন কুমার বর্মন বলেন,‘আমরা প্রতি বছরের ন্যায় এবারো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের আশা এবারের পূজা শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হবে ।


