স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স লকডাউন করা হয়েছে। মঙ্গলবার সকালে এই হাসপাতালকে লকডাউন ঘোষণা করা হয়। অন্যদিকে, ইসলামী ব্যাংকের সুনামগঞ্জ শাখাকে আগামী ১৪ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বিশ^ম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন কর্মচারী এবং ইসলামী ব্যাংকের সুনামগঞ্জ শাখার বৈদেশিক ডেস্কে কর্মরত একজন কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাব থেকে সোমবার জানানো হয়, এই উপজেলার উপজেলা স্যানেটারি কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী চালক ক্ষিরদ হাজং ও মাঠকর্মী আশিক মিয়া করেনা আক্রান্ত। পরে মঙ্গলবার দুপুরে এই স্বাস্থ্যকমপ্লেক্স লকডউন ঘোষণা করা হয়।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, ২৭ এপ্রিল বিশ^ম্ভপুর উপজেলায় ৪ জনের করোনা শণাক্ত হয়। এর মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। একারণে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে লকডাউন করা হয়েছে। হাসপাতালের সবার নমুনা তিনদিনের মধ্যে সংগ্রহ করে করোনা পরীক্ষাগারে পাঠানো হবে। সবার ফলাফল আসার পর পরিস্থিতি দেখে পরবর্তীতে লকডাউন তুলে নেওয়া হবে।
এদিকে, ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার বৈদেশিক ডেস্কে কর্মরত কর্মকর্তা ওয়াকিল আহমদ’এর শরীরে করোনা শনাক্ত হয়েছে। একারণে ওই ব্যাংকের ব্যবস্থাপক ব্যাংকের কার্যক্রম ১৪ দিন বন্ধ থাকার ঘোষণা দিয়ে ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করার অনুরোধ করেছেন স্বাস্থ্য বিভাগকে।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, ইসলামী ব্যাংকের সুনামগঞ্জ শাখা ১৪ দিন বন্ধ ঘোষণা দিয়েছেন তাদের কর্তৃপক্ষ। তাদের সকল কর্মকর্তা কর্মচারীরও নমুনা সংগ্রহ হবে।


