সু.খবর রিপোর্ট
তাহিরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা সমাপ্ত হয়েছে। তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৭ দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের ২৩টি স্টল অংশ নেয়। বুধবার বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো.রায়হান কবীর।
সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ। মেলায় প্রথম পুরস্কার পেয়েছে উপজেলা তথ্যসেবা কার্যালয়, দ্বিতীয় পুরস্কার পেয়েছে উপজেলা কৃষি সম্প্রসারন অফিস, তৃতীয় পুরস্কার পেয়েছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
বিশ্বম্ভরপুর
উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে সাত দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। শিক্ষক অঞ্জন কুমার দের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান প্রমুখ। আলোচনার পর সাত দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সাত দিনব্যাপী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ শিক্ষক—শিক্ষিকাদের সমন্বয়ে শিক্ষক সমাবেশ, বিভিন্ন এনজিওদের সমন্বয়ে উপকারভোগীদের নিয়ে সমাবেশ, শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা, কৃষক, জেলে ও গবাদি খামারিদের সমন্বয় সমাবেশ, সকল সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজ সমমানের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী স্টল গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ, দ্বিতীয় স্থান অধিকার করে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ, তৃতীয় স্থান অধিকার করে উপজেলা মৎস্য বিভাগ।


