আকরাম উদ্দিন, বিশ্বম্ভরপুর থেকে ফিরে
আসন্ন সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে বিশ্বম্ভরপুর উপজেলার ৫ নম্বর এলাকায় প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। এলাকার তৃণমুল পর্যায়ে পল্লীবিদ্যুতের গ্রাহকদের মধ্যেও রয়েছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। যদিও অন্যান্য বারের নির্বাচনে তেমন প্রচারণা ছিল না, এবার এই নির্বাচনকে কেন্দ্র করে এলাকার হাট-বাজারে হোটেল-রেস্টুরেন্টে নির্বাচনী আলোচনার ঝড় ওঠেছে। পোস্টার ঝুলিয়ে দেয়া হয়েছে হাট-বাজার ও রাস্তা-ঘাটে। প্রত্যেক গ্রাহক ভোটারের মুখে ফোটেছে আনন্দের হাসি।
বিশ্বম্ভরপুর উপজেলার ৫ নম্বর এলাকার পরিচালক পদে বিভিন্ন প্রতীক নিয়ে ব্যাপক প্রচারণায় রয়েছেন ৫ জন। এরমধ্যে ডা. মো. আব্দুল মান্নান (মাছ), মো. সোহ্রাব হোসেন বাবুল (বৈদ্যুতিক পাখা), মো. মোস্তফা কামাল (বাল্ব), আবু জাফর ওসমানী (চেয়ার) ও ফজলুর রহমান বাদল (ছাতা) প্রতীক নিয়ে জোরেশোরে প্রচারণায় রয়েছেন।
বুধবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবের বাজার, পলাশ বাজার, জনতা বাজার, বিশ্বম্ভরপুর বাজার, কারেন্টের বাজার, মথুরকান্দি বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকল প্রার্থীর সব এলাকায় কমবেশি প্রচারণার ছোঁয়া লেগেছে। তবে ডা. মো. আব্দুল মান্নানের (মাছ) প্রতীকের প্রচার রয়েছে বেশি। একাধিক ভোটার জানান, তাঁরা একজন শিক্ষিত ব্যক্তিকে পরিচালক পদে দেখতে চান। যিনি এলাকায় সঠিক কাজ করার প্রত্যাশা নিয়ে ভোট প্রার্থনার প্রচারণায় এগিয়ে আছেন।
বাঘবের বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন, সলুকাবাদ ইজিবাইক মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও ব্যবসায়ী ওসমান গণী বলেন, ‘পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক পদে নির্বাচন হচ্ছে, এবারই প্রথম জেনেছি। অন্যান্য বার কিভাবে নির্বাচন হতো, তা জানতাম না। এবার এলাকায় ৫ জন পরিচালক পদপ্রার্থীর পোস্টারও দেখেছি। বাজারেও রাস্তা-ঘাটে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের মনেও অনেক আনন্দ।’
পলাশ বাজারের ব্যবসায়ী মো. সেলিম আহমদ, ইয়াছিন আহমদ, জুলহাস মিয়া, কবির আহমদ ও নজরুল ইসলাম বলেন, ‘পল্লীবিদ্যুতের পরিচালক নির্বাচন হয়, এটা প্রথম জানতে পেরেছি। অন্যান্য বছর কোনো প্রচারণা ছাড়াই পরিচালক নিযুক্ত হতো। এবার আমাদের মনেও আনন্দ হচ্ছে, কারণ আমরাও ভোটার।’
জনতা বাজারের ব্যবসায়ী শংকর দেবনাথ, আবু সাঈদ, মো. তৈয়াব আলী, মনিন্দ্র দেবনাথ মনি, উপজেলা ছাত্রলীগ নেতা বিল্টু দেবনাথ বলেন, ‘পল্লীবিদ্যুতের গ্রাহক হয়ে এখন ভোটার হয়েছি। এটা আগে জানতাম না। এবার পরিচালক পদের নির্বাচনী প্রচারণা হওয়ায় জানতে পেরেছি। আমাদের ভোটে পরিচালক নির্বাচিত হবেন, এটা আমাদের অনেক আনন্দ ও অহংকার।’
পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক ও জামালগঞ্জ উপজেলায় একক প্রার্থী থাকায় কোনো নির্বাচন হয়নি। একক প্রার্থীরাই পরিচালক মনোনীত হয়েছেন। শুধুমাত্র বিশ্বম্ভরপুর উপজেলায় ১৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচন আগামী ১৫ জানুয়ারি বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। #


