বিশ্বম্ভরপুর বাজারে অগ্নিকান্ড-অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর বাজার মাদ্রাসা মার্কেটে আগুন লেগে ০৭টি দোকান ও মালামালসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে।
বিশ্বম্ভরপুর বাজারের মাদ্রাসা মার্কেটে রবিবার রাত ৮ ঘটিকার সময় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সাথেই সাথেই নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।
খবর পেয়ে রাত ৯.১০ মিনিটে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান,      
তার দোকানে রাখা নগদ ৮ লক্ষ টাকা সহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল, শুটকী ব্যবসায়ী সুমন বর্মনের ৪ লক্ষ টাকা, মুদি ব্যবসায়ী শফিকুল ইসলামের ৩ লক্ষ টাকা, প্রণয় দাশের ২ লক্ষ টাকা, মুদি ব্যবসায়ী খলিলুর রহমানের ৪ লক্ষ টাকা, বাবুল মিয়ার ৪ লক্ষ টাকা ও আরও এক ব্যবসায়ীর ১ লক্ষ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে রাতেই সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ ঘটনাস্থল পরির্দশন করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তনা, সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করেন ও ক্ষতিগ্রস্ত মসজিদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদানের আশ্বাস দেন।
এছাড়া রবিবার রাতেই জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, উপজেলা নিবার্হী অফিসার সমীর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলার নির্বাহী অফিসার সমীর বিশ্বাস জানান, দুর্ঘটনা স্থল পরিদর্শন করেছি। দুইজন ব্যবসায়ীর খুব বেশি ক্ষতি হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে। দুর্ঘটনার কারণ ও সঠিক ক্ষয় ক্ষতির পরিমাণ নিরুপনের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্বম্ভরপুর বাজার বণিক সমিতির সভাপতি কফিল উদ্দীন জানান, রাত ৮ টার সময় কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে কেউ বলতে পারে না। দমকল বাহিনী দ্রুত না আসলে আরো ব্যাপক ক্ষতি হত। মাদ্রাসা মাকের্টের ৭টি দোকান ও মালামাল পুড়ে বিনষ্ট ও পাশ্ববর্তী অস্থায়ী মসজিদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
এদিকে সোমবার বিকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। তিনি বাজার পরিদর্শন ও ক্ষতিগ্রস্তসহ স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত মাদ্রাসা মার্কেটের জন্য ১ লক্ষ টাকা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১ লক্ষ টাকা ও নিমার্ণাধীন মসজিদের জন্য ১ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। মসজিদের জন্য পর্যায়ক্রমে আরো ৪ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় জেলা পরিষদের সদস্য শামছুজ্জামান শাহ, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ বর্মন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ধনপুর ইউপি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।