বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালি ও আলোচনা

স্টাফ রিপোর্টার
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা ও সনদ বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়।  
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,   
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী।
আলোচনা সভা শেষে জনসংখ্যা নিয়ন্ত্রণে আটটি ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মী ও প্রতিষ্ঠান প্রধানের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে।
জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করায় গত তিন বছরের ন্যয় এবারো চতুর্থবার শ্রেষ্ঠ উপজেলা হিসাবে পুরস্কার পেয়েছে ছাতক উপজেলা। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের কাছ থেকে উপজেলার পক্ষে পুরস্কার ও সনদ গ্রহণ করেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েসনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
দ্বিতীয়বারের মত পরিবার কল্যাণ সহকারি হিসাবে শ্রেষ্ঠ হয়েছেন দিরাইয়ের চরনারচর ইউনিয়নের ১/খ ইউনিটের পরিবার কল্যাণ সহকারি প্রীতি বালা তালুকদার। পরিবার কল্যাণ পরিদর্শিকা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের এমসিএইচ ইউনিটের জুবেরা বেগম। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসাবে শ্রেষ্ঠ হয়েছে ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউএইচ এন্ড এফডাব্লিওসি। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (সিবিডি) হিসাবে শ্রেষ্ঠ হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলার এফপিএবি। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (ক্লিনিক) হিসাবে শ্রেষ্ঠ হয়েছে সুনামগঞ্জ সদরের সূর্যের হাসি ক্লিনিক ও শিশু কল্যাণ কল্যাণ কেন্দ্র । অনুষ্ঠানে সবাইকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।