রোমেনা লেইস
বসন্ত এলেই শূন্যতা ঘিরে ধরে আমাকে
বুকের খুব গহীনে ভীষন দুঃখনদী তিরতির
করে বয়ে যায়। আমার মন কাঁদে,আমার
প্রাণ কাঁদে।বসন্ত বাতাসে পাতারা উড়ে
ফুল কুঁড়ি ডানা মেলে কোকিল ডাকে
আর আমার মনে দুঃখগুলো বাওকুমটা
বাতাসের মত ঘুরে । বাতাসের দীর্ঘশ্বাস
আমার প্রাণের বেদনাকে দীর্ঘায়িত করে।
ভোমরের গুঞ্জন আমার মগজের কোষে
কোষে আগুনের হুল হয়ে ফুটতে থাকে।
আমি বেদনার তিমিরে ক্রমশ তলিয়ে যাই।
আমার পরম আশ্রয় মমতার হাতখানি
খুঁজতে থাকি। অপার শূন্যতা আমাকে
গ্রাস করে। আকাশের বুকে খুঁজি তোমাকে ।
পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে তুমি নাই,
উত্তর থেকে দক্ষিণে তুমি নাই। আকাশ
মাটি কোথাও তুমি নাই। তুমি চলে গেলে
এমনি বসন্তদিনে আমাদের একা করে।
সব কিছু ম্লান কুয়াশায় ঢেকে গেলো।
বসন্ত সময়ের সব টুকু আলো হঠাৎই
ঢেকে গেলো নিকষ কালো মেঘে।।


