জগন্নাথপুর অফিস
বিয়ের সকল প্রস্তুুতি শেষ। বরের বাড়িতে কনে পক্ষের যৌতুকের মালামালও একদিন আগে পাঠানো হয়ে গেছে। বরযাত্রী নিয়ে বর নির্ধারিত সময়ে কমিউনিটি সেন্টারে এসে হাজির। কনে পক্ষও প্রস্তুত খাবারের আয়োজনসহ সকল প্রস্তুুতি সম্পন্ন করতে। বেলা সাড়ে তিনটায় কাজি এসে বিয়ে নিবন্ধন করাতে বরের নিকট হাজির হয়ে বয়স প্রমাণের কাগজপত্র ও ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ চাইলে বাধে বিপত্তি। বরপক্ষ কোন কাগজপত্র দেখাতে অসম্মতি জানালে বর ও কনে পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে বরপক্ষের হামলায় কনের ফুফাতো ভাই আক্তার হোসেন আহত হন।
এই ঘটনাটি ঘটেছে শুক্রবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর কমিউনিটি সেন্টারে। জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রমের মহি উদ্দিনের ছেলে সাইফুদ্দিন (২৫) এর সাথে ছাতক উপজেলার শ্রীমৎপুর গ্রামের এক যুবতীর (১৯) এর বিয়ে ঠিক হয়। বিয়ের কথাবার্তা দিনক্ষণ ঠিক হলে উভয়পক্ষের সম্মতিতে মজিদপুর কমিউনিটি সেন্টারে শুক্রবার বিয়ের আয়োজন করা হয়। যথাসময়ে কাজি জামাল উদ্দিন এসে বিয়ের নিবন্ধন করাতে গেলে বয়স প্রমাণের কাগজপত্র দেখাতে না পারায় বিয়ে নিয়ে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে বরপক্ষের হামলায় কনে পক্ষের লোকজন আহত হন। বর নিজেও মারামারিতে লিপ্ত হলে এলাকাবাসী বিষয়টি জগন্নাথপুর থানাকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কনে পক্ষের লোকজন এ বিয়ে না দেয়ার সিদ্ধান্তে অনড় থাকলে বিয়ে ভেঙ্গে যায়।
বিয়ের কাজী জালাল উদ্দিন জানান, ছেলে পক্ষ বিয়ে নিবন্ধন করতে কোন কাগজপত্র দেখাতে না চাইলে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে ছেলেপক্ষ আমার ওপর তেড়ে আসে। এসময় বরযাত্রীরা কনে পক্ষের সাথে মারামারিতে লিপ্ত হলে বিয়ে ভেঙ্গে যায়। নাজুক পরিস্থিতির বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরির্দশক আশরাফুল আলম জানান, বিয়ে নিবন্ধন করতে বর পক্ষের কাগজপত্র না আনার বিরোধে বিয়ে ভেঙ্গে গেছে।


