বিয়ের কুঞ্জতে হিজড়াদের হামলা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বিয়ের অনুষ্ঠানে ফ্রী স্ট্রাইলে চলছে হিজড়াদের চাঁদাবাজি। মান সম্মানের ভয়ে তাদের দাবিকৃত চাঁদা নিতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। সোমবার রাতে পৌর এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে বরের কুঞ্জতে সংঘবদ্ধ হিজড়ারা হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে স্থানীয় যুবকদের সংঘর্ষ বাধে। পরে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বিষয়টির নিস্পত্তি ঘটে।   
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে প্রবাসি অধ্যুষিত এ উপজেলায় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের সকল বিয়ে অনুষ্ঠানে হিজড়া সম্প্রদায়ের একদল লোক উপস্থিত হয়ে আয়োজকদের নিকট ১ হাজার থেকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা দিতে অপারগতা       
প্রকাশ করলে অশ্লীল ভাষায় গালিগালাজ ও আক্রমণ করে। এমনকি হামলাও চালায়। সম্প্রতি পৌরশহরসহ উপজেলায় বেশ কয়েকটি হিন্দু সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠান থেকে একদল হিজড়া টাকা নিয়েছে বলে জানা যায়। সোমবার রাতে পৌর এলাকার বাসুদেব বাড়ীসহ কয়েকটি বিয়ের বাড়ি থেকে তারা টাকা তুলে পৌর এলাকার যাত্রাপাশা গ্রামের নিরেশ গোপের মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে এক হাজার টাকা দাবি করে। তাদের দাবিকৃত টাকার চেয়ে একটু কম টাকা দিতে চাইলে তারা উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বর’র কুঞ্জতে হামলা চালায়। এ সময় এলাকার কয়েকজন যুবকের সঙ্গে হিজড়াদের সংর্ঘষ বাধে। এতে দুই হিজড়া আহত হন। পরে এলাকাবাসীর মধ্যস্থতায় বিষয়টির নিস্পত্তি ঘটে।  
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দ্বিপক গোপ।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মঈদ উদ্দিন বলেন, হিজড়ারা বিয়ের অনুষ্ঠান থেকে টাকা নিচ্ছে শুনেছি। তবে থানায় এব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ করেননি। তারপরও বিষয়টি গুরুত্ব সহকারে আমরা দেখব।