বিয়ে হলো না প্রবাসি যুবকের

আলী আহমদ, জগন্নাথপুর
নিজের বিয়ের জন্য এক মাস আগে দেশে ফিরেন মিনহাজ আলম মুর্শেদ নামে এক প্রবাসি যুবক। দেশে ফেরার পর তাঁর জন্য কনের খোঁজ খবর চলছিল। কিন্তু এক সড়ক দুঘর্টনায় জীবন বাতি নিভে গেল। একই সঙ্গে প্রাণ হারালো তাঁর বন্ধু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলায়। গতকাল সোমবার ময়না তদন্ত শেষে দুই যুবকের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিহতদের স্বজনরা জানান, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আমবাড়ি গ্রামের আব্দুল হকের ছেলে মিনহাজ আালম মুর্শেদ (২১) বাহরাইন থেকে এক মাস আগে দেশে ফিরেন বিয়ে করার জন্য। পরিবারের লোকজন তাঁর জন্য পাত্রীর খোঁজ খবর করছিলেন।
গত রবিবার তাঁরই বাল্যবন্ধু স্থানীয় চিলাউড়া বাজারের মুর্দি দোকানদার চিলাউড়া আটঘর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে শারজান মিয়া (২২) কে নিয়ে মোটরসাইকেল যোগে দুই বন্ধু রানীগঞ্জের যাবার জন্য সদর থেকে রওয়ানা হন। পথিমধ্যে জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের গর্ন্ধবপুর নামক স্থানে পৌঁছামাত্র নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেই ঘটনাস্থলই দুইবন্ধু নিহত হন।
দুইজনকে শেষ বারের মতো দেখতে শতশত নারী পুরুষসহ বিভিন্ন বয়সি মানুষের ভিড় করেন গ্রামের বাড়িতে। বেলা দুইটার চিলাউড়া শাহী ঈদগাহ মাঠে দুই বন্ধুর জানাজা নামাজ অনুষ্ঠিত শেষে পৃথকভাবে দুইজনকে দুই স্থানে দাফন করা হয়েছে। দিকেই তরুন এই দুই বন্ধুর মৃত্যুতে পুরো জগন্নাথপুরের মানুষ শোকাহত। গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
চিলাউড়া এলাকার সমাজ কর্মী আব্দুল হাসিম ডালিম বলেন, বিয়ে করার জন্য একমাস আগে দেশে ফিরে মুর্শেদ। কনের খোঁজ খবর চলছিল তার। কিন্তু কনের মুখ দেখার আগেই এক মর্মান্তিক ঘটনায় এক সঙ্গে দুই বন্ধু প্রাণ হারিয়েছেন।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মাহমুদ জানান, অনাকাঙ্কিত দুই যুবকের মৃত্যুর ঘটনায় শোকাচ্ছন্ন এলাকার মানুষ।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ময়না তদন্তের শেষে মোটরসাইকেল ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ আমরা তাদের পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করেছি।