বীর মুক্তিযোদ্ধা কমরেড অজিত রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কমরেড অজিত লাল রায়ের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সোমবার রাতে অজিত রায়ের গ্রামের বাড়ি রহিমাপুরে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব ও জামালগঞ্জ থানার এসআই মো. মাসুদ পারভেজ জমাদারসহ সঙ্গীয় ফোর্স। রাষ্ট্রীয় মর্যাদা শেষে অজিত রায়কে রহিমাপুর শ্মশানঘাটে সমাহিত করা হয়।
জানা যায়, গত সোমবার সন্ধ্যায় সিলেটস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মুক্তিযোদ্ধা গেজেট পৃষ্ঠা নম্বর ১৮৩১২ ও গেজেট নম্বর ৩৮৯০। অজিত রায় বেহেলী ইউনিয়নের রহিমাপুর গ্রামের মৃত বিপিন বিহারী রায়ের ছেলে।
কমরেড অজিত লাল রায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সদস্য, উদীচী জামালগঞ্জ শাখার সভাপতি ও কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাচনা বাজার উচ্চ বিদ্যালয় ও বেহেলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাসহ জামালগঞ্জের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমাজে ন্যায় প্রতিষ্ঠাসহ মেহনতি মানুষের অধিকার আদায়ে সর্বদা তৎপর ছিলেন তিনি। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।