বৃটেনের সঙ্গে বাংলাদেশীদের সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ -ব্রিটিশ হাই কমিশনার

স্টাফ রিপোর্টার
ব্রিটিশ হাই কমিশনার বরার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ, দেশটি ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এখানকার মানুষ বন্ধুসুলভ। বৃটেনের সঙ্গে বাংলাদেশী নাগরিকদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া বাজারে বৃটেন ভিত্তিক উন্নয়ন সংগঠন গ্রাম জেপির আর্থিক সহায়তায় পরিচালিত ‘আব্দুর রব ও আজিজুন মেডিকেল সেন্টার’ পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে হাই কমিশনার আরো বলেন, সিলেটিদের আপ্যায়নে আমি অভিভূত। তাঁদের আচার আচরণে আমি মুগ্ধ। তিনি বলেন, দেখে মনে হয়েছে উন্নয়ন সংগঠন গ্রাম জেপি’এর এর সঙ্গে সম্পৃক্তরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আমার বিশ্বাস তাঁরা কাজে আরো এগিয়ে যাবেন।
‘আব্দুর রব ও আজিজুন মেডিকেল সেন্টার’ এর পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ কামালী’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রিটিশ কাউন্সিলর প্রধান টম ব্রাগ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাসেম, স্থানীয় সমাজসেবী জামাল মিয়া কামালী, রুহানি কামালী প্রমুখ।
এরআগে বেলা ১১ টায় গ্রাম জেপি’ এর তত্ত্বাবধানে পরিচালিত মেডিকেল সেন্টার পরিদর্শন করেন হাই কমিশনার বরার্ট চ্যাটার্টন ডিকসন। পরিদর্শকালে তিনি উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলেন। তাঁদের খোঁজ খবর নেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস কন্সুলর রাহিন মঈন চৌধুরী, ম্যানেজার আহসান সাদিক, মিডিয়া অফিসার নারায়ণ দেবনাথ প্রমুখ।