বৃষ্টিতে স্বস্তি, আগামী দশ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে

স্টাফ রিপোর্টার
প্রত্যেক বছর এ মৌসুমে সুনামগঞ্জে অনবরত বৃষ্টিপাত হয়। তবে এবার বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ আসলেও দেখা মিলছিল না বৃষ্টির। যার কারণে এক মাস ধরে দাবদাহ ও অসহ্য গরম দেখা দিয়েছে। এপ্রিল থেকে একদিনও সুনামগঞ্জে দেখা মেলেনি বৃষ্টির। মাঝে কয়েকদিন কিছু সময়ের জন্য বৃষ্টির আশা জাগালেও শেষ পর্যন্ত বৃষ্টির দেখা পায়নি সুনামগঞ্জবাসি। এজন্য শনিবারে বৃষ্টির জন্য বিশেষ নামাজের ঘোষণাও দেয়া হয়। বিশেষ নামাজে উপস্থিত হতে মাইকিং করা হয়। মাদানিয়া মাদ্রাসা মাঠে শনিবার সকাল ৭ টায় অনুষ্ঠিত নামাজে সবাইকে উপস্থিত থাকার আহবান জানান দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা সুনামগঞ্জের মুহতামিম মাওলানা আব্দুল বছির। তবে বৃষ্টির জন্য নামাজ ঘোষণার দিনই (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে আকাশে কালো মেঘ জমে ঝরে পড়ে বৃষ্টি। দীর্ঘ ১ ঘন্টা ঝুমঝুমিয়ে বৃষ্টি নামার পর শীতল হয় পরিবেশ। এরপর শনিবার বিকেলে আবারও উষ্ণ আবহাওয়াকে ঠান্ডা করে বৃষ্টি। বৃষ্টি হওয়ায় সালাতুল ইসতিকবারের পরিবর্তে শুকরানা নামাজও অনুষ্ঠিত হয়েছে।
পৌর শহরের বাগানবাড়ির বাসিন্দা শাহরিন আহমেদ জানান, মাইকে শুনেছি বৃষ্টির জন্য শনিবার সকালে নামাজ অনুষ্ঠিত হবে। তবে আল্লাহর রহমতে নামাজ ঘোষণার পর পরই রাতে বৃষ্টি হয়েছে।
বড়পাড়ার হাসান আলী হোসেন বলেন, দীর্ঘদিন মানুষ অনাবৃষ্টিতে ভোগছিল। তীব্র উত্তাপে মানুষ হাঁসফাঁস করছিল। অবশেষে সেই কাক্সিক্ষত বৃষ্টি পেয়ে শান্তি লাগছে।
সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী জানান, এই বৃষ্টির জন্য মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। বৃষ্টি আসায় ঈদের খুশির মতো খুশি হয়েছে মানুষ। বাচ্চারা বৃষ্টিতে আনন্দে নাচানাচি করে শরীর শীতল করেছে।
ঢাকার আবহাওয়াবিদ আবু সাঈদ বলেন, আগামী ১০ দিন বৃষ্টি থাকবে। রোববার একটু কম হবে। পরের ৮ দিন যথারীতি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সদর ও বিশ্বম্ভপুরে তুলনামূলক বৃষ্টি বেশি হবে। উজানেও এই দশ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।