বিন্দু তালুকদার
জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বের অন্যান্য অঞ্চলের ন্যায় বৃহত্তর সিলেট অঞ্চলের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। এতে প্রকৃতির ভারসাম্য, জনজীবন ও জমিতে ফসল চাষে ক্ষয়-ক্ষতি হওয়ার আশংকা করছেন অনেকেইে। তবে আস্তে আস্তে এই জলবায়ুর সাথে খাপ খাওয়ানো সম্ভব বলে জানিয়েছেন সিলেট আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবু সাঈদ চৌধুরী।
সিলেট আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, চলতি বছরে সারা দেশের ন্যায় বৃহত্তর সিলেটের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন ধরা পড়েছে এবং অসময়ে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে। সময়ে বৃষ্টিপাত হচ্ছে না। শীতের সময় শীত না পড়ে উষ্ণতা বিরাজ করছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় কৃষকরা জানিয়েছেন, জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের কারণে বোরো, আমন, আউশ ধান ও রবি শস্য চাষাবাদে সমস্যা দেখা দিয়েছে। ফসলী জমিতে পানির প্রয়োজনে সময়মতো বৃষ্টিপাত হচ্ছে না। অথচ যখন বৃষ্টিপাতের প্রয়োজন নেই তখন মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে। এতে সব ফসলেরই ক্ষয়-ক্ষতি হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে অক্টোবর মাসে তাপমাত্র ৩১ ডিগ্রি থাকার কথা কিন্তু চলতি অক্টোবর মাসে ৫ডিগ্রি তাপমাত্র বেড়ে ৩৬ ডিগ্রি হয়ে গেছে।
সেপ্টেম্বর-অক্টোবরে ৪৬ ভাগ বৃষ্টিপাত হওয়ার কথা কিন্তু এবার সেপ্টেম্বর-অক্টোবর মাসে বৃষ্টিপাত হয়েছে মাত্র ২৬ ভাগ। বর্ষাকালে প্রতিবছর ৬৮ ভাগ বৃষ্টিপাত হয়ে থাকলেও গত বর্ষায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ৫০ ভাগ। চলতি বছরের এপ্রিল মাসে গত ৫৬ বছরের বৃষ্টিপাতের রেকর্ড অতিক্রম করে ৩৭৮ মিলিমিটারের স্থলে ৩ গুন বেড়ে ১০৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দিরাই উপজেলার ভাটীপাড়া এলাকার কৃষক বাবুল মিয়া বলেন,‘ আমাদের ধারনা আবহাওয়া বদলে গেছে। এখন এক বছর থেকে আরেক বছর খারাপ হচ্ছে। বৃষ্টি বাদলের জন্য হাওরে আগের মত ভাল ধান হয় না। মেঘ-বৃষ্টির জন্য হাওর থেকে থেকে ভালভাবে ধান আনা সম্ভব হয় না। টানা বৃষ্টিপাতের কারণে পাকা ধান হাওরে পানিতে পচে গলে নষ্ট হয়।’ তিনি আরো বলেন,‘ ৬ ঋতুর বাংলাদেশে আগের মত সঠিক সময়ে শীত-গরম পরে না। আবহাওয়ার পরিবর্তনের ফলেই এসব হতে পারে।’
সদর উপজেলার মঙ্গলকাটা এলাকার কৃষক রফিক মিয়া বলেন,‘ আবহাওয়া আগের চেয়ে অনেক বদলে গেছে। সময়ে-অসময়ে অনেক বৃষ্টিপাত হচ্ছে। চৈত-বৈশাখ মাসে আগে তেমন বৃষ্টিপাত না হলেও এখন ওই সময়ে অতিরিক্ত বৃষ্টির কারণে বোরো ধান নষ্ট হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগে বোরো ফসলের ন্যায় উঁচু জমির আমন ও আউশ ধান নষ্ট হচ্ছে। এছাড়া শুকনা জমির ফসলও আগের মত ভাল উৎপাদন হয় না।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাহেদুল হক বলেন,‘ গত ৩-৪ বছর ধরেই সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের জলবায়ুর পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। তবে চলতি বছরে এর প্রভাব একটু বেশী পড়ছে। বিশেষ করে ধান চাষে ব্যাপক ক্ষয়-ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা। এপ্রিল-মে মাসে স্বাভাবিক নিয়মের চেয়ে অনেক বেশী বৃষ্টিপাত হয়েছে, এতে বোরো ধানের অনেক ক্ষতি হয়েছে। গত জুলাই মাসের ২৭ তারিখের পর থেকে ভারী বৃষ্টিপাত আর হয়নি। জলবায়ুর এই পরিবর্তনের কারণে ফসল উৎপাদনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর প্রভাব কৃষকদের উপরই বেশী পড়ছে।’
সিলেট আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবু সাঈদ চৌধুরী বলেন,‘সারা বিশ্বেই আবহাওয়া ও জলবায়ুর ব্যাপক পরিবর্তন হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সারা দেশের ন্যায় সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে এর প্রভাব পড়ছে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে তাপমাত্র কমে শীত ও কুয়াশা পড়ার কথা। কিন্তু এবছর এর ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। অক্টোবর মাস শেষ হওয়ার পথে কিন্তু শীতের আমেজ ও কুয়াশা পড়ছে না। আবহাওয়া ও জলবায়ুর ব্যাপক পরিবর্তনের কারণেই এসব হচ্ছে। এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়াসহ জমিতে ফসল চাষে ক্ষয়-ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। তবে আস্তে আস্তে এই জলবায়ুর সাথে খাপ খাওয়ানো সম্ভব হবে।’


