বৃহস্পতিবারের হরতাল নিয়ে দ্ইু শ্রমিক সংগঠনের পাল্টাপাল্টি বক্তব্য

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও সুনামগঞ্জ মটর ড্রাইভার্স ঐক্যপরিষদ। সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আজ বুধবারের মধ্যে আসামী গ্রেফতার করা না হলে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক     দিয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনকে দেয়া হয়েছে স্মারকলিপিও। এদিকে সুনামগঞ্জ মটর ড্রাইভার্স ঐক্য পরিষদ হামলার ঘটনাকে বানোয়াট আখ্যা দিয়েছে।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে অফিস, গাড়ি ভাংচুর ও নেতৃবৃন্দকে লাঞ্ছিত করায় মঙ্গলবার জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি  দেয়া হয়েছে। সংগঠনের সভাপতি মো. সাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। চাঁদা দিতে অসম্মতি প্রকাশ করায় অফিসের চেয়ার টেবিল ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর, নেতৃবৃন্দকে লাঞ্ছিত করে আব্দুল মতিন ও তার সহযোগিরা। ঘটনার প্রতিবাদে গত রবিবার সংগঠনের কার্যালয়ে জেলার সকল বেসিক ট্রেড ইউনিয়নের সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় আজ বুধবারের মধ্যে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় হামলাকারীদের গ্রেফতার ও আইনী ব্যবস্থা না নেয়া হলে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘর্মঘট পালন করা হবে। ঘটনায় সংগঠনের সভাপতি বাদী হয়ে থানায় মামলাও দায়ের করেছেন।
এদিকে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলাকে বানোয়াট বলে বৃহস্পতিবারের পরিবহন ধর্মঘটের সাথে দ্বিমত পোষন করেছে সুনামগঞ্জ মটর ড্রাইভার্স ঐক্য পরিষদ। বুধবার সংগঠনের আহবায়ক আলমগীর হোসেন ও যুগ্ম আহবায়ক মো. শামীম আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় প্রশাসন উপযুক্ত নিরাপত্তা দিলে গাড়ী চালানোর সিদ্ধান্ত নেবে সুনামগঞ্জ মটর ড্রাইভার্স ঐক্য পরিষদ। বিবৃতিতে উল্লেখ করা হয় গত ২৪ সেপ্টেম্বর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে কোন হামলার ঘটনা ঘটেনি। বর্তমান সরকার বিরোধী একটি অপশক্তির ইন্ধনে মিথ্যা ঘটনার অবতারনা করে পরিবহন শ্রমিকদের বিভ্রান্ত করা হচ্ছে।  
এই পক্ষের বিবৃতিতে দাবি করা হয় শ্রমিক ইউনিয়নের বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ ২০১৩ সালের জুলাই মাসে শেষ হয়ে গেছে। শ্রমিকরা বার বার নির্বাচন এর দাবি করলেও বর্তমান কমিটি বিভিন্ন ছল ছাতুরী করে আরও ৩ বছর এর অধিক সময় ধরে বিভিন্ন অজুহাত ও আন্দোলনের নাম করে অবৈধভাবে দায়িত্ব আকড়ে ধরে আছেন।