বেকায়দায় পড়েছেন ১৪ লাখ কৃষক একদিকে ধান বাঁচানো অন্যদিকে বাঁধ রক্ষা

টিপু সুলতান, দিরাই
বাঁধ উপচে পানি ঢুকছে, না হয় বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে, এমন সংবাদ শুনে বাঁধে দৌড়াতে হচ্ছে, আবার খেতের পাকা ধান তলিয়ে যাবে এই আশঙ্কায় ধান কাটতে জমির দিকেও দৌঁড়াতে হচ্ছে। সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় সব কয়টি হাওরেই এখন এমন দৃশ্য। শনিবার কালনী নদীর তীর উপচে চাপতি, বরাম ও টাংনির হাওরে পানি ঢুকছিল। স্থানীয় কৃষকদের অভিযোগ, শুক্রবার থেকে পাউবো’র কর্মকর্তারা হাওর রক্ষার কাজে নিয়োজিত পিআইসিকে নিয়ে নজরদারী বাড়ালেও চাহিদানুযায়ী বাঁশ, চাটাই, বস্তাসহ বাঁধরক্ষার সরঞ্জাম বার বার তাগিদ দিয়েও মিলছে না। এ কারণে ঠেকানো যাচ্ছে না ঢল। পানি ঢুকছে হাওরে। ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে বেকায়দায় পড়েছেন ১৪ লাখ কৃষক ।
সুনামগঞ্জের ১৩৮ টি ছোট বড় হাওরের বেশিরভাগেই এক ফসলি জমি। বোরো ধান হয় প্রায় সকল হাওরেই। এবার জেলার ১১ উপজেলার দুই লাখ ২১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। চালের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ৩৫ হাজার মে.টন। যার মূল্য প্রায় দুই হাজার আট’শ কোটি টাকা। বৈশাখের প্রথম সপ্তাহ থেকে প্রতি বছরই বোরো ধানের কাটা-মাড়াই শুরু হয়। এবার চৈত্রের মাঝামাঝি থেকেই সুনামগঞ্জে ভারী বৃষ্টি শুরু হয়। ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে
 জেলার সব কয়টি হাওর রক্ষা বাঁধ হুমকির মধ্যে পড়েছে।  
দিরাই উপজেলার তাড়ল গ্রামের কৃষক সফু মিয়া বলেন, ‘চাপতির হাওরে ১৫ কেদার জমিতে উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করেছিলেন। এবার ফলনও হয়েছিল ভালো। অর্ধেক জমির ধান অতিবৃষ্টির পানিতে তলিয়ে গেছে। চড়া মজুরীতেও ধান কাটার শ্রমিক মিলছে না’।
কলিয়ারকাপন গ্রামের ক্ষুদ্র কৃষক আলিফ মিয়া বলেন, ‘মাত্র ৩ দিনে নদীতে ২ হাত  পানি বেড়ে অকাল বন্যা দেখা দিয়েছে। এতে হাওরপারের লোকজন ফসল ঘরে তুলতে পারবেন কি-না এ নিয়ে   শঙ্কিত হয়ে পড়ছেন। বৈরী আবহাওয়ার কারণে মাড়াইকৃত ধান শুকাতে গিয়েও মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে’।  
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন,  ‘উদগল হাওরের গাতুয়া, ছিকইন দাইড়, বরাম হাওরের রসরাজের ঢালা, চন্ডিতলা, তেরা জানি, বুড়ি দিরাই, লড়ি পাঙ্গাইস্যা, চাপতির হাওরের চাতল বিল, গাতার বন, খাকছিড়া, খালিভুই, আসমানিগুল, খাইজ্জার গুল, বড়জাই, ফাতাল জট, আতারাই, বারবন্দ, কালিগুটা হাওরের বান বিল, ফুকরাইন, বোকারভাঙ্গা, ভাটিপাড়া-আদমপুরের হাওর, মধুরাপুর-বদলপুরের হাওরসহ ছোট-বড় অনেক হাওরের অন্তত ৩ হাজার হেক্টর জমির ধান পানিতে ডুবো ডুবো অবস্থায় রয়েছে।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন জানিয়েছেন, ‘পাহাড়ি ঢলের পানিতে নদী কানায় কানায় ভরে ওঠায় প্রতিটি হাওরের উঠতি ফসল শতভাগ ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা পূর্বাভাস পেয়েছি ১৯ ও ২০ এপ্রিলে বন্যা হতে পারে। এ জন্যে  দ্রুত ধান কাটার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।  মসজিদের মাইকেও এলান দেওয়া হচ্ছে’।