বেপরোয়া দুর্নীতির শেষ কোথায় ?

বিশাল হাওর দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা গ্রহণের বিষয়টি সামাজিক-প্রশাসনিক অপরাধের ক্ষেত্রে কী ভূমিকা রাখতে সক্ষম হয়েছে কিংবা আদৌ কোন প্রভাব ফেলেছে কিনা সেটি গভীর পর্যবেক্ষণের বিষয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে দেখা যায়, হাওর দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে যখন আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে তখন অপরাপর দুর্নীতি-ঘটনাগুলোও যথারীতি খোলামেলাভাবেই ঘটে চলেছে মহাসমারোহে। সম্প্রতি কর্মসৃজন ও কাজের বিনিময়ে টাকা এই দুইটি সামাজিক সুরক্ষা কর্মসূচীর প্রকল্প নিয়ে পিআইসিগুলোর বেপরোয়া দুর্নীতির খবরাখবর পত্রিকায় ব্যাপকভাবে আসতে দেখা যাচ্ছে। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে সাচনাবাজার ইউনিয়ন পরিষদ মাঠ ভরাটের প্রকল্পে কোন কাজ না করেই দুই লাখ টাকা তুলে নিয়ে আত্মসাতের একটি খবর ছাপা হয়েছে। একই উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের ইউছুফনগর গ্রাম থেকে বাহাদুরপুর/মান্নানঘাট পর্যন্ত রাস্তা মেরামতের নামে কর্মসৃজন ও কাবিটা প্রকল্প থেকে যথাক্রমে ২ লাখ ৯৬ হাজার টাকা ও ২ লাখ টাকার দুইটি পৃথক প্রকল্প গ্রহণ করা হলেও এখানেও দুর্নীতির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (০১ আগস্ট) এই বিষয়ে দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রকাশ হয়। ১৭ জুলাই তারিখের দৈনিক সুনামগঞ্জের খবরের এক সংবাদ থেকে জানা যায়, কর্মসৃজন প্রকল্পের আওতায় ওই উপজেলায় ৯ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দের বিপরীতে কাজ হয়েছে মাত্র ৪৯ হাজার টাকার। জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কে নির্মাণ কাজ শেষ হওয়ার দেড়মাসের মাথায় সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে বলে গত ২২ জুলাই সংবাদ প্রকাশ হয়। ভাঙনের কারণ হিসাবে নির্মাণ কাজে অনিয়ম/দুর্নীতির বিষয়টিই সামনে এসেছে। এর আগে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের রাঙাখালে নির্মিত একটি সেতু নির্মাণের তিন মাসের মাথায় ভেঙে পড়ায় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছেন বলে গত ১৬ জুলাই প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়। জেলা শহরের সুনামগঞ্জ সরকারি কলেজে প্রকাশ্যেই ছাত্র/ছাত্রীদের নিকট থেকে অবৈধভাবে সেশন ফিস/ভর্তি ফিসের নামে অতিরিক্ত টাকা গ্রহণ করা হচ্ছে। এ নিয়ে কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন ধারাবাহিকভাবে। প্রায় প্রতিদিনই এরকম অনিয়ম-দুর্নীতির খবরে সংবাদপত্রের পাতা ভরা থাকে। আমাদের প্রশ্ন হলো দুর্নীতিবাজরা কি উদাহরণ থেকে শিক্ষা নেয় না ? নিচ্ছে যে না, তা স্পষ্ট। কাকের চোখ বন্ধ করে সাবান খাওয়ার মতো এই দুর্নীতিবাজরাও মনে করে তাদের কৃতকর্ম কেউ দেখছে না। যেনতেন প্রকারে টাকা পয়সা কামানোর জন্য আমাদের সমাজের কিছু ব্যক্তি একেবারে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। নতুবা হাওর দুর্নীতির কারণে যেভাবে রাঘব-বোয়ালরা ধরা খাচ্ছেন তাতে অন্তত অন্য দুর্নীতিবাজদের সাবধান হওয়ার কথা ছিল।
আশাব্যঞ্জক দিক হলো, বিভিন্ন সামাজিক গোষ্ঠী যখন বেপরোয়া দুর্নীতির ¯্রােতে গা ভাসিয়েছে তখন সরকার দুর্নীতিবিরোধী অবস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। গত কয়েক দশকের মধ্যে (এক/এগারো পরবর্তী দুই বছরের ব্যতিক্রম বাদে) দুর্নীতি দমন কমিশনের এমন সক্রিয়তা দেখা যায় নি।  দুদকের এমন শক্ত অবস্থানের পিছনে সরকারের সমর্থন যে রয়েছে তা বুঝার জন্য আলাদা কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না। দুর্ভাগ্যজনক বিষয় হলো এইসব দুর্নীতির বড় অংশের সাথে জড়িতদের নাম কোন না কোনভাবে সরকারি দলের সাথে জড়িত। সরকারের দুর্নীতিবিরোধী মনোভাব ও অভিযানকে স্বার্থকতা দিতে এই দুর্নীতিবাজদের দল থেকে ঝেটিয়ে বিদায় করতে হবে। এরা কখনও কোন দলের সম্পদ হতে পারে না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। অন্যদিকে প্রশাসন ব্যবস্থাকে আরও দায়িত্বশীল ও সাহসী হতে হবে। প্রশাসনিক সহায়তা ভিন্ন দুর্নীতি হতে পারে এটি কেউ বিশ্বাস করেন না। সুতরাং প্রশাসনিক কর্তৃপক্ষকেও পরিশুদ্ধ হতে হবে একইসাথে।