স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেলাবরহাটি পল্লী সমাজের উদ্যোগে গবাদী পশুর ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বালিকান্দি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ওইদিন ভোর ৬টা থেকে ৮ টা পর্যন্ত গবাদী পশুর (গরু) বাদলা ও তরকা রোগের ভ্যাকসিন দেয়া হয়। ইউনিয়নের বিভিন্ন স্থানের ১১০টি গবাদী পশুকে টিকা দেওয়ার ব্যবস্থা করে পল্লী সমাজ সংগঠন। ভ্যাকসিন ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন প্রাণীসম্পদ চিকিৎসক জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফছা খাতুন, ব্র্যাকের কর্মকর্তা মো. আব্দুল হাই, পল্লী সমাজ সভানেত্রী ও জয়ীতা নারী জান্নাতুন নাহার, সমাজসেবক জহিরুল ইসলাম ও আল মামুন প্রমুখ।
পল্লী সমাজ সভানেত্রী ও জয়ীতা নারী জান্নাতুন নাহার বলেন, ‘আজ আমাদের পল্লী সমাজ সংগঠন গবাদী পশুর চিকিৎসা দিয়েছে। আমরা এই সংগঠনের সদস্যদের মাধ্যমে ডায়বেটিক পরীক্ষা ক্যাম্প, বাল্যবিয়ে প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, অসহায় নারীদের সহযোগিতা করা এবং অধিকার বঞ্চিত নারীদের অধিকার আদায়ে সচেতন করে তোলা বিষয়ে কাজ করে যাচ্ছি। আমরা সকল প্রকার সমাজ উন্নয়নে নারীদেরকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি।’


