বেসরকারি খাতেও পেনশন চালুর প্রস্তাব

সু.খবর ডেস্ক
নগরায়ন ও একক পরিবার বৃদ্ধির প্রেক্ষিতে ভবিষ্যতে প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি পর্যায়েও পেনশন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ কথা বলেন।  
সংসদকে তিনি জানান, ২০২১ সালের মধ্যে সবার জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম নিশ্চিত করতে চায় সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, বাজেটে এ বিষয়টি বিবেচনায় রেখেই ব্যয় পরিকল্পনা ঠিক হয়েছে, বাড়ানো হচ্ছে উপকারভোগীর সংখ্যা। পর্যায়ক্রমে পুরোটা বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ভবিষ্যতে যোগদানকারী সকল সরকারি চাকরিজীবীর জন্য বিদ্যমান পেনশন পদ্ধতি পরিবর্তন করে অংশীদারিত্বের ভিত্তিতে পেনশন পদ্ধতি চালু করা হবে। পর্যায়ক্রমে, আধা-সরকারি ও ব্যক্তিখাতে আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিক বা স্ব-কর্মসংস্থানে নিযুক্ত কর্মজীবীসহ সকল স্তরের জনগোষ্ঠীর জন্য সরকার নিয়ন্ত্রিত একটি সমন্বিত কাঠামোর আওতায় সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করেছি।